শহরের কেন্দ্র থেকে একটু দূরে, মাতুয়াইল ইউনিয়নের কাঠেরপুলে গিয়ে ‘পাখিবাড়ি’ বললেই যে কেউ নিয়ে যাবে চিকি ৎ সক দেলোয়ার হোসেনের বাড়িতে। ঢাকার যাত্রাবাড়ী থেকে টেম্পো কিংবা বাসে কোনাপাড়া কাঠেরপুল নামতে হবে। বড় পুকুরপাড়ের কাছেই পাখিবাড়ির অবস্থান।আসলে বলতে হয়, দেলোয়ার হোসেনের বাড়ির পাশেই রয়েছে বিশাল একটি পুকুর। পুরো এলাকায় এত বড় পুকুর আর একটিও নেই। এক বিঘার কিছু কম জায়গার ওপর দেলোয়ার হোসেনের বাড়ি। বাড়িতে একটি টিনের ঘর। চারটি বড় বড় তেঁতুলগাছ, দুটি কতবেলগাছ, একটি বড়সড় সফেদাগাছ, দুটি বাবলাগাছ, কদম-কড়ই-বরইসহ আরও কিছু ফলের গাছ দেখা যায় পুরো বাড়িতে।ঘরের চারপাশের গাছগুলোয় সারা বছর থাকে পাখির আনাগোনা। ‘প্রজননের সময় বক, পানকৌড়ি, ঘুঘুসহ বিভিন্ন পাখি আসে এখানে। পাখির বাচ্চা উড়তে শিখলে নিয়ে চলে যায় তারা। যত দিন পাখিগুলো থাকে, বাড়িটা জীবন্ত মনে হয়। তবে সবচেয়ে বেশি আসে বক আর পানকৌড়ি।’ বলছিলেন দেলোয়ার হোসেন।দেখা গেল, বাড়ির সীমানা দেয়ালজুড়ে ওপর থেকে নিচের দিকে সাদা সাদা রেখা টানা। এ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, ‘এগুলো পাখির বিষ্ঠা।’ পাখির বিষ্ঠায়ও যে শিল্পকর্ম হয়, তার সীমানা দেয়াল না দেখলে তা বোঝা সম্ভব নয়।সেপ্টেম্বরের প্রথম দিকে যাওয়া হয় দেলোয়ার হোসেনের বাড়িতে। বাড়ির সব গাছেই শুধু বাসা আর বাসা। প্রায় প্রতিটি বাসায় বক বসে আছে। ব্যাপারটা বোঝা গেল একটি গাছে উঠতেই। বাসায় বসে থাকা বক উড়ে যেতেই দেখা গেল, বাসায় চার-চারটি আকাশি রঙের ডিম। পাশের আরও একটি বাসায় দুটি ফুটফুটে বাচ্চা। বাচ্চাগুলো ভয়ে হাঁটি হাঁটি করে একটু দূরে সরে যাচ্ছিল। তার আগেই অবশ্য বাচ্চা দুটির ছবি তোলা হয়ে গেছে। অন্য আরেকটি বাসায় কেবল তিনটি বাচ্চা ফুটেছে; একটি ডিম ফোটার অপেক্ষায়। একটি গাছে সর্বোচ্চ ১৩টি বাসা দেখা গিয়েছিল। সব মিলিয়ে গুনে দেখা গেল, ৫১টি বাসা আছে পাখিবাড়ির গাছগুলোয়। বকগুলো চারদিকে ওড়াউড়ি করছিল, কাকগুলো কা-কা করে পুরো পাড়া গরম করছিল। দেলোয়ার হোসেন বলেন, ‘কাকগুলো বকের বাচ্চাগুলোকে দেখে রাখে। কেউ গাছে চড়লে কিংবা বাচ্চাগুলোর কোনো বিপদ দেখলেই এমন কা কা করতে থাকে। রাতে কম করে হলেও তিনবার উঠে পাখিগুলো দেখি।’ দেলোয়ার হোসেনের স্কুলশিক্ষক স্ত্রীও পাখিগুলোর দেখভাল করেন। ৫ সেপ্টেম্বর যখন দেলোয়ার হোসেনের বাড়িতে যাওয়া হয়, তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। গোধূলিলগ্নে দেখা গেল, কাকদের সঙ্গে বকদের গভীর মিতালি। কাক, বক আর ঘুঘুর সঙ্গে অল্প কিছু পানকৌড়ি বিচরণ করছিল। দেলোয়ার হোসেন বলেন, ‘বছর তিনেক আগের কথা। আমি তখন ঢাকা হোমিওপ্যাথিক কলেজের ছাত্র। এক দিন দেখলাম, ঝাঁকে ঝাঁকে পানকৌড়ি গাছগুলোয় নামছে। বকের বাসাগুলো ভেঙে নিজেরা বাসা বাঁধছে। আমিও দেখাশোনা শুরু করলাম, কেউ যেন পানকৌড়িগুলোর কোনো ক্ষতি না করতে পারে। এগুলো বাসা বেঁধে ডিম পাড়ল, বাচ্চা ফুটল। নিজেকে বড় ভাগ্যবান ভাবতে লাগলাম। শুধু ভাবা নয়, ব্যাপারটি সত্যি। প্রথম দফায় বেশির ভাগ পানকৌড়ির ছানাই বড় হয়ে বাসা ছেড়ে উড়ে যেতে পেরেছিল। কিন্তু তার পর থেকেই শুরু হয় নানা উ ৎ পাত। পাশের পুকুরের মাছচাষি পানকৌড়িকে শত্রু ভেবে এর আবাসস্থল ধ্বংস করতে উঠেপড়ে লাগলেন। তাঁর ধারণা, পানকৌড়ির দল তাঁর সব মাছ খেয়ে ফেলছে। ঢিল ছুড়ে ও এয়ারগান দিয়ে গুলি করে পানকৌড়িগুলোকে তাড়ানোর চেষ্টা করেন তিনি। আবার “পাখির বিষ্ঠা এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে”—এ কথা বলে পাখির বিরুদ্ধে দল ভারী করেন। এক দিন আবার বাড়ি খালি পেয়ে গাছের বাসার যত বাচ্চা ছিল, সব ধরে নিয়ে যান। এমন অত্যাচারে কমতে থাকে পানকৌড়ির আসা-যাওয়া।’এ বছর কিছুদিন আগে কয়েকটি পানকৌড়ি এসে বাড়িটি ঘুরে গেছে। পানকৌড়ির দল আসবে—এ আশায় দিন গুনছেন দেলোয়ার হোসেন। প্রাকৃতিক পরিবেশে পাখপাখালির আশ্রম বলা চলে তাঁর বাড়িকে। পাখির সঙ্গে মৌমাছির বাসা আছে গাছে। কাঠেরপুলের পাখিবাড়ি দু-একবার গিয়েছেন পক্ষীবিশারদ শরীফ খান। তিনি জানান, ওই বাড়ির গাছে গাছে প্রজনন মৌসুমে বাসা বাঁধে কানিবক। এরা মূলত প্রাকৃতিক পরিবেশে বাসা বাঁধে। তাদের কলোনি গড়ে তোলে। বাচ্চা বড় হলে তা নিয়ে উড়ে চলে যায়। পানকৌড়ি ও কানিবক মিলেমিশে একসঙ্গে থাকে। একে অন্যকে সাহায্য করে।এমন একটি ঘনবসতি এলাকায় পাখি কেন আসে—জানতে চাইলে তিনি বলেন, প্রজননের নিরাপত্তা পায় বলেই এরা এখানে আসে। এরা চাষযোগ্য মাছ খেতে পারে না। চেলাপুঁটি হলো এদের খাবার। তাই পুকুরের মাছ খেয়ে ফেলার অভিযোগ সঠিক নয়। তবে কাঠেরপুলে বড়পুকুরটি থাকাতেই দেলোয়ার হোসেনের বাড়িতে পাখি আসে। এ জন্য সেই পুকুর টিকিয়ে রাখতে হবে; বাঁচিয়ে রাখতে হবে পাখির আবাসস্থল। এ জন্য বড় পুকুরের মালিক ও আশপাশের বাসিন্দাদের পরিবেশসচেতন হতে হবে। কারণ, পরিবেশ রক্ষায় পাখি অনেক বড় ভূমিকা রাখে। এ জন্য পাখিবাড়ি রক্ষার দাবি করেন শরীফ খান।