কাণ্ডজ্ঞানহীনের মতো কথা বলবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বশীল জায়গায় থেকে কাণ্ডজ্ঞানহীনের মতো কথা না বলার জন্য বাণিজ্যমন্ত্রী ফারুক খানের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। তিনি বলেন, রমজানের শুরুতেই হঠাৎ কেন জিনিসপত্রের দাম বেশি বেড়ে গেল, সে বিষয়টি সরকারকে খতিয়ে দেখতে হবে।গতকাল শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ কামালের জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবক লীগ ওই সভার আয়োজন করে।গত বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী খাদ্যে ভেজাল প্রতিরোধে সাধারণ মানুষকে কম খাওয়ার পরামর্শ দেন। এ প্রসঙ্গে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেন, হঠাৎ দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ এমনিতেই অসহায় অবস্থায় রয়েছে। এখন সরকারের পক্ষ থেকে যদি কোনো নেতিবাচক বক্তব্য দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের কাছে তা অসহ্য হয়ে উঠবে। সেই সঙ্গে ইফতার, তারাবির নামাজ ও সেহিরর সময় কেন বিদ্যুৎ চলে যায়, সে বিষয়টিও তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের প্রধান বিরোধী দল বিএনপির উদ্দেশে বলেন, আদালতকে রাজনীতির মাঠ বানাবেন না। যাঁরা আদালতকে সম্মান করেন না, তাঁরা নিজেরা নিজেদের সম্মান করতে জানেন না বলেও মন্তব্য করেন তিনি।শেখ কামালের স্মৃতিচারণা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, নতুন প্রজন্মকে তাঁর জীবন থেকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, শেখ কামালের চরিত্র হননের জন্য নানাভাবে চেষ্টা করা হলেও চক্রান্তকারীরা সফল হতে পারেনি। তাঁর নামে দেশে-বিদেশের কোথাও ৩৬ বছরে কেউ ৩৬ টাকাও খুঁজে পায়নি।স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।