কাতার থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে চার দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি বিমান সকাল পাঁচটা ৩৫ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।এ সময় তাঁকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রমুখ স্বাগত জানান।শেখ হাসিনা জাতিসংঘে বাণিজ্য ও উন্নয়নবিষয়ক ১৩তম সম্মেলনে (আঙ্কটাড-১৩) যোগদানের উদ্দেশে ২০ এপ্রিল দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ছয় দিনের এ সম্মেলন ২১ এপ্রিল কাতারের রাজধানী দোহায় শুরু হয়।প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নবিষয়ক স্থায়ী আন্তসরকার সংস্থা আঙ্কটাডের এ সম্মেলনে উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।প্রতিনিধিদলে ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাতারে অবস্থানকালে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি ও প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসীম আল-থানির সঙ্গে বৈঠক করেন। বাসস।