এবারের ঈদে মোট পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাবে। এর মধ্যে ইমন অভিনীত দুটি চলচ্চিত্র রয়েছে। একটি পি এ কাজল পরিচালিত গরীবের ভাই, অন্যটি গাজী মাহাবুব পরিচালিত আমার পৃথিবী তুমি। এই ছবি দুটি নিয়ে কথা হলো ইমনের সঙ্গে।কী অবস্থা আপনার?খুবই ব্যস্ততার মধ্যে আছি। কাল (সোমবার) সকালে কাতার যাচ্ছি। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে আমরা অনেকেই এবার কাতারে ঈদ উদ্যাপন করব। সেখানে অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে অংশ নেব। আর কে কে যাচ্ছেন সেখানে?রবি চৌধুরী, আরেফিন রুমী, পড়শিসহ আরও অনেকেই। বেশ ভালোই হবে আমাদের যাত্রাটা। ঈদের উত্সব করব, প্রবাসী ভাইবোনদের সঙ্গে ঈদের দিনটা থাকব। ঈদ কি এর আগে দেশের বাইরে করেছেন?নাহ্। কখনো মনেও হয়নি যে আমি দেশের বাইরে ঈদ উদ্যাপন করব। আমার কাছে সব সময় মনে হয়েছে যে ঈদের দিনটা আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবদের নিয়ে কাটানোর মধ্যে অনেক বেশি মজা। কিন্তু এবার যখন কাতারে যাওয়ার আমন্ত্রণ পেলাম, তখন ভেবে দেখলাম যে দেশের বাইরে ঈদ করতে কেমন লাগে, সেই অভিজ্ঞতা অর্জন করলে মন্দ হয় না। রাজি হয়ে গেলাম। অবশ্য আমি ঈদের পরদিনই চলে আসব। কারণ, ঈদে আমার দুটি ছবি মুক্তি পাচ্ছে। ফলে টেনশন তো একটু থাকবেই।ঈদের ছবি নিয়ে আপনার কী প্রত্যাশা?দুটি ছবিতে আমি দুই ধরনের চরিত্রে অভিনয় করেছি। গরীবের ভাই ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন রোমানা। এই ছবিতে মজার মজার কিছু গান আছে। ছবিটি পারিবারিক সেন্টিমেন্টের। আমার পৃথিবী তুমি একটি প্রেমের ছবি। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন সাহারা। এ ছবিটি নিয়েও আমি আশাবাদী।আপনার হাতে এখন কতগুলো ছবি রয়েছে?পাঁচটি ছবি নির্মাণাধীন। কোনোটির শুটিং শুরু হয়েছে, কোনোটির কাজ শেষের দিকে। কোনোটির ডাবিং চলছে। সামনেই এফ আই মানিকের সৌভাগ্য নামের একটি ছবিতে কাজ করব। এই ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন পূর্ণিমা।