কাতারে কার্যালয় খুলছে তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের তালেবান যোদ্ধারা আগামীকাল মঙ্গলবার উপসাগরীয় দেশ কাতারে রাজনৈতিক কার্যালয় খুলতে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা আজ সোমবার জানায়, কাতারের রাজধানী দোহায় তালেবানদের কার্যালয় চালুর উদ্দেশ্য হলো শান্তি আলোচনা বেগবান করা।আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গত মার্চ মাসে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সাক্ষাত্ করেন এবং কাতারে তালেবানের দপ্তর খুলতে দেওয়ার জন্য আমিরকে অনুরোধ করেন।কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম কিউএনএ জানায়, আল থানির সঙ্গে কারজাই ‘পারস্পরিক সহযোগিতার বিষয়ে’ আলোচনা করেন। সে সময় কারজাই কাতারে অবস্থান করা আফগান ও আরব কর্মকর্তা-ব্যবসায়ীদের সঙ্গেও সাক্ষাত্ করেন।কারজাইয়ের সঙ্গে সফররত প্রতিনিধিদল ওই সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী জালমাই রসুল ও উচ্চতর শান্তি কমিটির প্রধান সালাউদ্দিন রব্বানির সঙ্গে সভা করে।এ বছরের শুরুতেও কারজাই দেশের বাইরে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে রাজি ছিলেন না। কিন্তু যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মুখে সরকার দেশের বাইরে যেকোনো স্থানে আলোচনায় বসতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের আগেই তালেবানের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলতে।