কাতারের পথে প্রধানমন্ত্রী
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সম্মেলনে (আঙ্কটাড) যোগ দিতে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিমান আজ শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহারের উদ্দেশে রওনা হয়। সেখানকার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা ২৫ মিনিটে তাঁর দোহায় পৌঁছানোর কথা। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, পর্যটনমন্ত্রী ফারুক খান, বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রমুখ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। কাতার সফরে ৬১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং সাংসদ ইমরান আহমেদ, নিলুফার জাফর উল্লাহ, এ বি এম আবুল কাসেম ও তহুরা আলী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ক স্থায়ী আন্তসরকার সংস্থা আঙ্কটাডের এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ২১ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ আঙ্কটাড সম্মেলন। কাতার ন্যাশনাল সেন্টারে অনুষ্ঠেয় এ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, ‘উন্নয়নকেন্দ্রিক বিশ্বায়ন সার্বিক ও টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন।’ কাতারে অবস্থানকালে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা যায়। প্রধানমন্ত্রী ২১ এপ্রিল আঙ্কটাড-১৩ সম্মেলনে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা দোহায় ফোর সিজনস হোটেলে থাকবেন। আজ সন্ধ্যায় তিনি বিশ্ব বিনিয়োগ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান ও নৈশ ভোজে যোগ দেবেন। কাল শনিবার সকালে বিশ্ব বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বেও অংশ নেবেন। বিকেলে কাতারের জাতীয় সম্মেলন কেন্দ্রে আঙ্কটাড সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রোববার সাক্ষাত্ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ ছাড়া সোমবার দোহায় ‘উন্নয়নে নারী’ বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন। কাতার সফর শেষে ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। বাসস।