কাদায় নেমে ভেড়া উদ্ধার করলেন ক্যামেরন
মন্দার ভাটায় দেশের অর্থনীতি টালমাটাল, জনপ্রিয়তাও পড়ে যাচ্ছে, তাই বলে মোটেও হতোদ্যম নন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কাদায় আটকে পড়া একটি ভেড়া উদ্ধারে তাঁর ঝাঁপিয়ে পড়ার ঘটনায় বোঝা গেছে—কতটা দয়াঅন্তপ্রাণ তিনি।গত মাসে রাজধানী থেকে বেশ দূরে অক্সফোর্ডশায়ারে নিজের অবকাশকালীন বাড়ির পাশে এক খামার পরিদর্শন শেষে ফেরার পথে প্রধানমন্ত্রী এই উদ্ধারকাজে নেমেছিলেন।‘দ্য সান’-এ প্রকাশিত খবরের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, গাড়িতে করে ফেরার পথে ডেভিড ক্যামেরন হঠাৎ ভেড়ার ডাক শুনতে পান। ভ্যা-ভ্যা করে আর্তনাদ করছে কোনো ভেড়া। তাকিয়ে দেখেন, কাছেই এক জলাভূমিতে কাদায় আটকা পড়েছে এক ভেড়ী। সঙ্গে দুই বাচ্চা। অনেক চেষ্টা করেও কাদা থেকে উঠতে পারছে না ভেড়ীটি। দেখে খুব মায়া হলো ক্যামেরনের। গাড়ি থামালেন তিনি। এবার জিনসের প্যান্ট পরা ক্যামেরন রাবারের জুতা পায়ে গলিয়ে দু্ই দেহরক্ষীকে নিয়ে নেমে গেলেন ওই বিপন্ন ভেড়ীকে উদ্ধার করতে। সফল হয়ে তবেই ফিরলেন। এ ব্যাপারে ‘ডেইলি টেলিগ্রাফ’কে ওই খামারের কৃষক জুলিয়ান টুসটিয়ান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, দুই পুলিশ সদস্যকে নিয়ে কাদাজলে নেমে ভেড়ীটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ক্যামেরন। একপর্যায়ে তিনি ভেড়ীকে উদ্ধার করে ফেরেন। এটি ১ মার্চের ঘটনা বলে জুলিয়ান দাবি করেন। গল্পটি ফাঁস হয়ে যাওয়ার পর অনেকে ভেবেছিলেন, এটি ১ এপ্রিল মানুষকে বোকা বানানোর জন্য বলা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।