কাদায় কাঁদালো মোরে...
চলছে ভরা বর্ষা। বৃষ্টি থামার কিছুক্ষণ পরই নগরের কোনো কোনো সড়ক ও গলি কাদায় সয়লাব হয়ে গেছে। অনেক হাটবাজারেও জমেছে থকথকে কাদা। সেই কাদায় হাঁটতে গিয়ে কেউ কেউ পা পিছলে পড়ে যাচ্ছে। গার্ডেন রোড হয়ে বসুন্ধরা সিটির দিকে যাচ্ছিলেন এক পথচারী। কাদায় চলতে চলতে তিনি সঙ্গীকে বলছিলেন, ‘এই রাস্তায় কোনো দিন আর শান্তি পাওয়া যাবে না। শুকনার সময় ধুলা, আর বর্ষার সময় কাদা। এর মধ্য দিয়েই চলতে হবে। এসব আপদ থেকে আমাদের রক্ষা করতে কেউ এগিয়ে আসবে না।’ যাদের নিয়মিত কর্দমাক্ত পথে হাঁটতে হয় তারা কিন্তু নগরকর্তাদের ওপর ভরসা রাখে না। কাদাময় পথে হাঁটার জন্য তারা এখন রাবার বা প্লাস্টিকের জুতো পরছে। তবে উত্তর বাড্ডা বাজারের পাশে প্রগতি সরণির পথচারীরা কাদা থেকে পা, জামা, জুতো রক্ষায় খুব একটা নজর দিতে পারে না। কারণ কাদার ফাঁদে পড়ে তাদের যানের নিচে পড়ার ভয় থাকে। এ প্রসঙ্গে উত্তর বাড্ডার বাসিন্দা মোখলেসুর রহমান জানালেন, প্রগতি সরণির একাংশ দিয়ে গেছে নর্দমা। প্রায়ই নর্দমার কাদা উপচে রাস্তায় চলে আসে। রাস্তা পার হতে কিংবা বাসে উঠতে ইচ্ছুক লোকজনকে ফুটপাত থেকে নর্দমা ও কাদার অংশ পার হয়ে সড়কের শুকনো জায়গায় দাঁড়াতে হয়। তবে গাড়ি এলে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দ্রতগতিতে লাফ দিয়ে ফুটপাতে উঠতে হয়। আর যারা তা করতে পারে না, তাদের দাঁড়িয়ে থাকতে হয় কাদার মধ্যেই। এদিকে বৃষ্টি হলে কারওয়ান বাজারের প্রতিটি সড়ক কাদায় সয়লাব হয়ে থাকে। ধুলো আর তরকারির উচ্ছিষ্টের সঙ্গে পানি মিলে এক রকমের লেই তৈরি হয়। কারওয়ান বাজারের তরকারি বিক্রেতা আবদুল করিম বলেন, ‘বৃষ্টির পর এইখানে আইসা মানুষ আছাড়ও খায়। রিকশা, সাইকেল, মোটরসাইকেল চালাইতে মানুষের খুব কষ্ট হয়। রাস্তা পরিষ্কার থাকলে এমন কাদা জমত না।’ নগরের অলিগলি নিয়মিত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ঝাড়ুর ছোঁয়া পাচ্ছে না। সেগুলোয় ধুলোবালিসহ বিভিন্ন আবর্জনা জমে থাকে। বৃষ্টির পানি পেয়ে সেগুলো কাদায় পরিণত হচ্ছে। বড় বড় সড়কের ফুটপাতের পাশের নিচু অংশে ধুলোময়লা জমে থাকে। বৃষ্টির পানি পেয়ে সেগুলো কাদা তৈরি করছে। এমনটি দেখা গেল আসাদ এভিনিউয়ের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড অংশে। এখানে রাখা বাসগুলো ধোয়ার কাজে ব্যবহূত পানি কাদা তৈরি করছে বলে আশপাশের দোকানিরা জানালেন। একই ঘটনা ঘটছে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে। এই স্ট্যান্ডের রাস্তায় খরার সময় দেখা যায় ধুলোর আধিক্য। তবে রাস্তার নিচু অংশে কাদাপানি জমে থাকে প্রায় সারা বছর। বৃষ্টি হলে ধুলো চলে যায় সেই অংশে। তখন কাদার পরিমাণ আরও বেড়ে যায়। নগরের যেসব সড়কে মাটিবাহী ট্রাক বেশি চলাচল করে সেসব সড়কে তা থেকে মাটি পড়ে। বৃষ্টি হলে সেই মাটি কাদায় পরিণত হয়।এদিকে মধ্যবাড্ডায় প্রগতি সরণির পাশে দেখা গেছে, নর্দমা পরিষ্কার করার পর তার আবর্জনা নর্দমার পাশেই স্তূপ করে রাখা হয়েছে। সড়কের পাশের দোকানিরা জানান, বৃষ্টিতে স্তূপের আবর্জনা গলে কাদা তৈরি হয়েছে। কিছুদিন পরপর রাস্তা খোঁড়াখুঁড়ির কারণেও রাস্তায় মাটি জমছে। বৃষ্টি হলে তা কাদায় পরিণত হচ্ছে। গ্রামগঞ্জে মেঠোপথ, মাটির উঠোন বৃষ্টির পানি পেলেই কর্দমাক্ত হয়ে যায়। কিন্তু ইট, বালি, পাথরে তৈরি ঢাকা নগরের চলার পথে বৃষ্টিতে থকথকে কাদা জমে কেন? এমন প্রশ্নে ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা জানান, রাস্তা ভাঙা থাকলে সেখানে বৃষ্টির পানি জমে। সেখান থেকেই মূলত কাদা রাস্তার অন্য অংশে ছড়িয়ে পড়ে। আবার নর্দমায় যদি জ্যাম থাকে তবে বৃষ্টির পানি তা দিয়ে যেতে পারে না। বৃষ্টির পানির সঙ্গে তখন ধুলোবালিও রাস্তায় জমে থাকে। এর ফলে কাদা তৈরি হয়। কিন্তু নর্দমা পরিষ্কার থাকলে তা দিয়ে পানির সঙ্গে সঙ্গে ধুলোবালিও সহজে চলে যেতে পারে। নির্মাণাধীন ভবনের উচ্ছিষ্টের কারণে পাশের রাস্তা যেমন কর্দমাক্ত হয়, সেই উচ্ছিষ্ট রাস্তার পাশের নর্দমাও আবদ্ধ করে ফেলে। নগরের সড়ক-অলিগলিকে ধুলোবালি ও কাদামুক্ত করতে হলে ভবন নির্মাতাদের সচেতনতা দরকার বলে তিনি জানান। বর্ষায় রাস্তাকে কাদামুক্ত করার কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চাইলে বিপন কুমার সাহা বলেন, এ ধরনের কোনো উদ্যোগ তাঁদের নেই। তবে নগরের আবর্জনা পরিচ্ছন্নতার কাজ জোরদারের চেষ্টা করা হচ্ছে। আর নর্দমাগুলোয় যাতে আবর্জনা আটকে না থাকে সেদিকেও নজর দেওয়া হচ্ছে।