কাদায় নাকাল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি অটোরিকশাচালকের দুই পাশে দুজন আর পেছনে তিনজন—এভাবে যাত্রী নিয়ে কাদায় ভরা পথ ধরে হেলেদুলে এগোচ্ছে যানটি। হঠাৎ এটি ডানদিকে অনেকখানি কাত হয়ে গেল। ভয়ে সামনে বসা এক যাত্রী তাঁর এক পা বের করে রাস্তায় ঠেসে ধরলেন। সঙ্গে সঙ্গে অটোরিকশাটি সোজা হয়ে চলতে শুরু করল। যেই না চলতে শুরু করেছে, তখনই ওই যাত্রী বলে উঠলেন, ‘মামা, সিএনজি থামান, আমার জুতা তো কাদার ভেতর চলে গেছে।’ অটোরিকশা থামলে ওই যাত্রী নেমে গিয়ে কাদার ভেতর থেকে টেনে তুললেন তাঁর জুতা। উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকার সোনারগাঁও জনপথ রোডের চিত্র এটি। কিছুদিন আগে এ সড়কের ম্যানহোলের উন্নয়নকাজ শেষ হয়েছে। কিন্তু সড়কে পড়ে থাকা মাটি ঠিকমতো সরানো হয়নি, তাই ম্যানহোল বসানো শেষে অতিরিক্ত মাটি রাস্তায় এসে পড়েছে। আর তাতেই তৈরি হয়েছে কাদা।ঘুরে দেখা গেছে, সড়কের বেশির ভাগ রিকশাচালকেরা রিকশা থেকে নেমে কাদা মাড়িয়ে তা টেনে নিয়ে যাচ্ছেন। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, প্রায় সময় গাড়ির চাকা কাদায় দেবে যায়, তখন গাড়ি ঠেলে ওঠানো ছাড়া আর কোনো উপায় থাকে না। ‘রাস্তা হেঁটে পার হতে গেলে কাপড়ে কাদা লাগবেই, কাজ শেষে ঢাকা ওয়াসা ঠিকমতো মাটি সরিয়ে নিলে এ সমস্যা হতো না।’ বলছিলেন সড়কের পাশের ভবনের বাসিন্দা মোহাম্মদ ইউনুস মোল্লা।এ বিষয়ে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) মডস জোন ৯-এর নির্বাহী প্রকৌশলী (ড্রেনেজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) ইকবাল আহমেদ মজুমদার বলেন, ‘আমরা কাজ শেষে মাটি সরাতে পারিনি। কেননা ক্রমাগত বৃষ্টি হচ্ছে। ভেজা মাটি সরাতে ট্রাকের কর্মীদেরও অনীহা। তবে আমি দ্রুত ব্যবস্থা নেব।’ বৃষ্টির পানি ও কাদায় উত্তরার কোনো সড়ক সয়লাব হলে ঢাকা ওয়াসার অভিযোগ নম্বর: ৯৫৫৯১৪২ (তত্ত্বাবধায়ক প্রকৌশলী), ৭১১০২৫৩ (নির্বাহী প্রকৌশলী, ড্রেনেজ বিভাগ-১), ৯৫৬৮৯৯৯ (নির্বাহী প্রকৌশলী, ড্রেনেজ বিভাগ-২)।