কাদিপুরে পাকিস্তানি সেনাদের নিয়ে হত্যাযজ্ঞ চালান আলীম
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে আজ বুধবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী যোগেন চন্দ্র পাল। জবানবন্দিতে তিনি মুক্তিযুদ্ধকালে জয়পুরহাটের কাদিপুর গ্রামের পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞের বর্ণনা দেন। একপর্যায়ে তিনি বলেন, আলীম শান্তি কমিটির লোক ও পাকিস্তানি সেনাদের নিয়ে হত্যাযজ্ঞ চালান। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (একজন অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ যোগেন চন্দ্রের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক অসুস্থতার জন্য জামিনে রয়েছেন আলিম। তবে আজ তিনি ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে যোগেন চন্দ্র বলেন, একাত্তরের বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি বাড়িতে থাকার সময় তাঁদের কড়ইপাড়া গ্রামে তিনি কাদিপুরের দিক থেকে লোকজনের চিত্কার শুনতে পান। এ সময় তিনি শোনেন আলীম, শান্তি কমিটির লোক ও পাকিস্তানি সেনারা এসেছে। তিনি দেখেন, ওই লোকেরা হিন্দুদের তাঁদের বাড়ি থেকে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। তাদের দেখেই তিনি মনে করেন, তারাই হচ্ছে আলীমের শান্তি কমিটির লোক। তিনি ভয়ে বাড়ির পাশে একটি কবরস্থানে লুকিয়ে পড়েন। এ সময় ডোম পুকুর পাড়ে প্রচণ্ড গোলাগুলির শব্দ পান। সেখান থেকেই তিনি দেখেন, চারদিকে অগ্নিসংযোগ ও লুটপাট চলছে। সন্ধ্যার সময় তিনি কবরস্থান থেকে বাইরে বেরিয়ে ডোম পুকুর পাড়ে এসে দেখেন শুধু লাশ আর লাশ। এ সময় সাক্ষী কেঁদে ওঠেন। লাশের মধ্যে তিনি কৃষ্ণ ডাক্তার, শিবেন ও তরমুজাকে চিনতে পারেন। এ ঘটনার পরে তিনি ভারতে চলে যান।জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী আরও বলেন, স্বাধীনতার পরে দেশে ফিরে তিনি দেখেন, তাঁদের বাড়িঘর শূন্য। পরে মুসলমানদের কাছে শোনেন, তারা তাঁদের বাড়িঘর টিন লুট করেছে। কিন্তু আলীমের নির্দেশে লুটের মাল তাঁর চাতালে জমা দিতে হয়েছে। এ সময় তিনি আরও শোনেন, ওই ঘটনায় সেদিন ৩৭০ জনকে হত্যা করা হয়। জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী ট্রাইব্যুনালে থাকা আলীমকে শনাক্ত করেন।রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী ভগীরথ চন্দ্র বর্মণ ও ২৫তম সাক্ষী অজিত মোহন্তও প্রায় একই ঘটনায় একই ধরনের সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দি শেষে যোগেন চন্দ্রকে জেরার জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।