পুলিশের তদন্তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরের বিরুদ্ধে পুলিশের অভিযোগ টিকল না।অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় খিলগাঁও থানার পুলিশের করা অস্ত্র মামলা থেকে কাদেরকে (২৫) অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা এখনো তদন্তাধীন। সেগুলোতেও তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পায়নি পুুলিশ।কাদেরের আইনজীবী মোহাম্মদ গফফার প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলার অভিযোগপত্রটি চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গ্রহণ করেন এবং কাদেরকে অব্যাহতি দেন।প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ছাত্র কাদেরকে চার মাস আগে খিলগাঁও থানার পুলিশ আটক ও নির্যাতন করে। এরপর পুলিশ কাদেরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা করে। এ ছাড়া মোহাম্মদপুর থানার একটি গাড়ি ছিনতাইয়ের মামলায়ও কাদেরকে আসামি করা হয়। এ নিয়ে বিতর্ক ওঠায় মামলাগুলোর তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হয়।তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলা থেকে কাদেরকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া ডাকাতির প্রস্তুতি ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগে করা অপর দুটি মামলার তদন্তেও কাদেরের জড়িত থাকার প্রমাণ মেলেনি। তাঁকে বাদ দিয়ে ওই মামলা দুটির অভিযোগপত্রও শিগগির আদালতে জমা দেওয়া হবে।আদালত সূত্র জানায়, অস্ত্র মামলার অভিযোগপত্রে বলা হয়, গত ১৫ জুলাই গভীর রাতে সেগুনবাগিচার রিং রোডে এক আসামি মামুন হোসেনকে ছোরাসহ গ্রেপ্তার করে পুলিশ। কাদের ওই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় মামুনের সহযোগী সন্দেহে তাঁকে আটক করা হয়। মারপিটের ভয়ে মামুন তখন তার প্রকৃত সহযোগী জাকিরের নাম গোপন করে এবং কাদের তার সহযোগী বলে পুলিশকে জানায়। পরে তদন্তে কাদেরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার মতো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাই তাঁকে এই মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়।কাদের প্রথম আলোকে বলেন, মিথ্যা মামলা মাথায় নিয়ে তিনি পড়াশোনায় মন দিতে পারছেন না। তাঁর মধ্যে সব সময় একটা ভয় কাজ করছে। তিনি বলেন, মামলার কারণে তিনি পাসপোর্ট করতে পারেননি, যার কারণে সহপাঠীদের সঙ্গে নেপালে শিক্ষা সফরে যেতে পারছেন না।কাদের পুলিশের সাজানো বাকি দুই মামলা থেকে দ্রুত অব্যাহতি চান। তিনি এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার দাবি জানান।জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল জলিল প্রথম আলোকে বলেন, কমিটির তদন্ত শেষ পর্যায়ে। আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।তদন্ত কমিটির অপর একটি সূত্র জানায়, কমিটি কাদেরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি।এদিকে কাদেরকে গ্রেপ্তার, নির্যাতন ও মিথ্যা মামলা দায়েরকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মা মনোয়ারা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওরা আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছে।’মনোয়ারা বেগম জানান, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সম্প্রতি বিশেষ বিসিএস পরীক্ষা হয়েছে। কাদের মুক্তিযোদ্ধার সন্তান হয়েও মিথ্য মামলার কারণে তাতে অংশ নিতে পারেননি। গত ১৫ জুলাই রাতে কাদের রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের খালার বাসা থেকে হেঁটে বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছিলেন। রাত দেড়টার দিকে সেগুনবাগিচায় সাদা পোশাকের তিন পুলিশ সদস্য পেছন থেকে দৌড়ে এসে তাঁকে আটক করে। কাদের অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়ার পরও পুুলিশ তাঁকে মারধর করে। এরপর মাইক্রোবাসে তুলে তাঁকে খিলগাঁও থানায় নিয়ে সারা রাত হাজতে রাখা হয়। পরদিন সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন তাঁর কক্ষে নিয়ে কাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।বিষয়টি জানাজানি হলে ২৬ জুলাই কাদেরের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা মানববন্ধন করেন। সংবাদপত্রে এ নিয়ে লেখালেখি হওয়ার পর ২৮ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে খিলগাঁও থানার তৎকালীন ওসি হেলাল উদ্দিন, উপপরিদর্শক আলম বাদশা ও সহকারী উপপরিদর্শক শহিদুর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।হাইকোর্টের নির্দেশে চিকিৎসার জন্য কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। এরপর ৩ আগস্ট নিম্ন আদালত তিনটি মামলায় কাদেরের জামিন মঞ্জুর করেন।