কাদের নির্যাতন, ওসি হেলালের জামিন নাকচ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের ঘটনায় করা মামলায় খিলগাঁও থানার সাবেক ওসি হেলাল উদ্দিনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক আজ রোববার এই আদেশ দেন।এর আগে ৩ এপ্রিল একই মামলায় হেলাল উদ্দিনের জামিনের আবেদন নাকচ করেন ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে দেন।গত বছরের ১৫ জুলাই রাতে ইস্কাটন গার্ডেন রোডের খালার বাসা থেকে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ফেরার পথে সেগুনবাগিচায় পুলিশ কাদেরকে আটক ও নির্যাতন করে। পরের দিন সকালে খিলগাঁও থানার তত্কালীন ওসি হেলাল উদ্দিন তাঁর কক্ষে নিয়ে কাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে পুলিশ তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা করে। এ ছাড়া মোহাম্মদপুর থানার একটি গাড়ি ছিনতাইয়ের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে ‘প্রথম আলো’সহ বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন এবং ঘটনাটি তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ২৮ মার্চ হেলাল উদ্দিনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।এর আগে মিথ্যা মামলা করার দায়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আলম বাদশাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড দেন পৃথক আদালত। আলম বাদশা এক হাজার টাকা জরিমানা দিয়ে আদালত থেকে অব্যাহতি নেন।গত ২৩ জানুয়ারি হেলালের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়। মামলায় মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে কাদেরের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়। ২ এপ্রিল আসামি হেলাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।