কাদের মোল্লা ২৩ বছর সাজা ভোগ করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রচলিত আইনে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর। তবে কয়েদির শ্রম ও ভালো আচরণের কারণে কারা কর্তৃপক্ষ এই সাজা রেয়াত দিতে পারে। সে ক্ষেত্রে সাধারণত একজন যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদি প্রায় ২৩ বছর সাজা ভোগ করে থাকেন। তবে শ্রম ও আচরণ সন্তোষজনক না হলে সাজা তেমন কমানো হয় না। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে গত মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। আদেশে বলা হয়, রায় ঘোষণার দিন থেকে সাজা কার্যকর হবে। গত মঙ্গলবারই কাদের মোল্লার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রায় কার্যকর করতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন ট্রাইব্যুনাল।কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছিল। রায়ে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ২০(২) ধারা অনুসারে কাদের মোল্লাকে পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হলো। তবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় ১৫ বছরের কারাদণ্ড এর সঙ্গে একীভূত হয়ে যাবে। কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছে। এগুলো হলো: হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে অংশগ্রহণ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহযোগিতা, নৈতিক সমর্থন ও উৎসাহ দান।এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে ২১ জানুয়ারি জামায়াতের সাবেক সদস্য আবুল কালাম আযাদকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে একই ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দেন।জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় বলেন, যাবজ্জীবন মানেই ৩০ বছর সাজা। তবে প্রচলিতভাবে কারা কর্তৃপক্ষের সন্তুষ্টির ভিত্তিতে নয় মাসে বছর গণনার রেওয়াজ আছে। জানতে চাইলে একজন কারা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শ্রম ও ভালো আচরণের বিনিময়ে কারাগারে সাজা রেয়াতের সুযোগ আছে। বর্তমান কারাবিধি অনুযায়ী, কারা কর্তৃপক্ষ সন্তুষ্টির ভিত্তিতে সাজার এক-চতুর্থাংশ পর্যন্ত রেয়াত দিতে পারে। তবে প্রস্তাবিত নতুন কারাবিধিতে এই রেয়াতের সাজার এক-তৃতীয়াংশ করার প্রস্তাব করা হয়েছে। সে ক্ষেত্রে যাবজ্জীবনপ্রাপ্ত একজন কয়েদিকে ২০ বছর সাজা ভোগ করতে হতে পারে।