কাদের মোল্লা: আপিলের শুনানির দিন নির্ধারণের আদেশ রোববার
মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির দিন নির্ধারণে আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের বিষয়টি আজ কার্যতালিকার ২৭ নম্বর ক্রমিকে ছিল। এ বিষয়টি তুলে ধরে আজ সকাল সোয়া নয়টার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, চেম্বার বিচারপতির আদালতে বিষয়টি শুনানির জন্য গতকাল আবেদন করা হয়। ইতিমধ্যে আসামিপক্ষ আপিল করেছে।অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আদালত আজ বলেছেন আপিলের সারসংক্ষেপ দেওয়া হয়নি। এ ছাড়া আসামিপক্ষ আরেকটি আপিল করেছে। আজ আসামিপক্ষ উপস্থিত নেই। আপিলের শুনানির দিন নির্ধারণের আদেশের জন্য তারা আগামী রোববার আসুক।মাহবুবে আলম বলেন, আইনের বিধান অনুসারে আপিল দায়েরের সময় অভিযোগ গঠন, রায়সহ সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আদালত আজ আসামিপক্ষকে রোববার আদেশের বিষয়টি অবহিত করার জন্য বলেছেন।মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির দিন নির্ধারণের জন্য গতকাল সোমবার দুপুরে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। বিষয়টি আজ আপিল বিভাগের কার্যতালিকায় আসবে বলে গতকালই জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল।গতকাল মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার পক্ষে আপিল করা হয় সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায়। তাঁর কৌঁসুলি ফরিদ উদ্দিন খান জানান, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিলে তাঁকে খালাস দেওয়ার আরজি রয়েছে।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর তা প্রত্যাখ্যান করে জনতা। শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করারও বিধান রাখা হয়। আইনে রায়ের ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার বিধান রয়েছে।