কাদের মোল্লা: রাষ্ট্রপক্ষের আপিল শুনানির দিন নির্ধারণ কাল
মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির দিন নির্ধারণের জন্য কাল মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ সোমবার দুপুরে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে শুনানির দিন নির্ধারণের জন্য আবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। পরে চেম্বার বিচারপতি বিষয়টি কাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের কার্যতালিতকায় আসবে বলে জানান।এদিকে আজ কাদের মোল্লার পক্ষে আপিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়। এর নম্বর ২৫/২০১৩। কাদের মোল্লার কৌঁসুলি ফরিদ উদ্দিন খান প্রথম আলো ডটকমকে বলেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কাদের মোল্লার পক্ষে আপিল করা হয়েছে। আপিলে তাঁকে খালাস দেওয়ার আরজি রয়েছে। গতকাল কাদের মোল্লাকে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষও।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর তা প্রত্যাখ্যান করে জনতা। শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করারও বিধান রাখা হয়। আইনে রায়ের ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার বিধান রয়েছে।