কাদের মোল্লার অভিযোগ পুনর্বিবেচনার আদেশ ১৪ জুন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে গঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য ১৪ জুন তারিখ নির্ধারণ করেছেন।আজ রোববার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল এ তারিখ ধার্য করেন।গত ২৮ মে কাদের মোল্লার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী ছয়টি অপরাধের অভিযোগ গঠন করা হয়।কাদের মোল্লার বিরুদ্ধে মামলাটি প্রথমে ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ছিল। ওই ট্রাইব্যুনালে গত বছরের ১৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। চলতি বছরের ১৬ এপ্রিল এ মামলা ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হলে নতুন করে অভিযোগের বিষয়ে শুনানি হয়। ২ থেকে ১৬ মে সাত কার্যদিবসে অভিযোগের বিষয়ে শুনানি চলে। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন।