কাদের মোল্লার আপিলে আজকের শুনানি শেষ (ভিডিও)
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর আজকের শুনানি শেষ হয়েছে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ট্রাইব্যুনালের রায় আদালতকে পড়ে শোনান।আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। সকাল নয়টা ৪০ মিনিটে শুনানি শুরু হয়। মাঝে এক ঘণ্টার বিরতি দিয়ে বেলা একটায় শেষ হয়। কাল আবার শুনানি হওয়ার কথা।বেঞ্চের অপর পাঁচ বিচারপতি হলেন: বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তাঁদের মধ্যে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতি হলেন: বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও কাদের মোল্লা পৃথক আপিল করেন। গত ৫ মার্চ আপিল বিভাগ শুনানির দিন ধার্যের বিষয়ে ১০ মার্চ আদেশের দিন ধার্য করেন। পরে ১০ মার্চ আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় আপিল দুটি ১ নম্বর ক্রমিকে আদেশের জন্য অন্তর্ভুক্ত ছিল।