কাদের মোল্লার ডিভিশন আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার কারাগারে ডিভিশন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।কারাগারে ডিভিশন চেয়ে করা আবেদনের ওপর কাদের মোল্লার পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।আদালত সূত্র জানায়, গত সোমবার এই আবেদনের ওপর শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।কাদের মোল্লার দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর একই বেঞ্চে শুনানি হয়। আসামিপক্ষে আবদুর রাজ্জাক দ্বাদশ দিনে তাঁর বক্তব্য উপস্থাপন করেছেন।শুনানিকালে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আপিল বিভাগে আসেন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ রাষ্ট্রদূত স্টিফেন জে র্যাপ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তা ফিটার ফিকি। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম তাঁদের আদালতকক্ষে নিয়ে আসেন। এ সময় আবদুর রাজ্জাক বক্তব্য উপস্থাপন করছিলেন। প্রায় ৩০ মিনিট এজলাসে অবস্থান শেষে বেলা পৌনে একটার দিকে তাঁরা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের দুটিতে যাবজ্জীবন এবং তিনটিতে ১৫ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।