কাদের মোল্লার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার পক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক প্রথম দিনের মতো যুক্তি উপস্থাপন শুরু করেছেন। এ সময় কাদের মোল্লা আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।যুক্তিতে আবদুর রাজ্জাক বলেন, ‘এ মামলা ৪০ বছর পর শুরু করা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এর সপক্ষে রাষ্ট্রপক্ষ সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি।’ যুক্তি উপস্থাপনকালে আবদুর রাজ্জাক বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের আইনি দিক নিয়ে কথা বলেন। যুক্তি অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম কাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। একই মামলায় গত ২৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়।এদিকে, এই ট্রাইব্যুনাল আজ কাদের মোল্লার বিরুদ্ধে করা মামলা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন।