কাদের মোল্লার বিরুদ্ধে আবারও সাক্ষ্য দিলেন মোজাফফর
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মোজাফফর আহমেদ খানকে আজ সোমবার তৃতীয় ও শেষ দিনের মতো জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই জেরা হয়। আসামির কাঠগড়ায় কাদের মোল্লার উপস্থিতিতে আসামি পক্ষের আইনজীবী একরামুল হক সাক্ষীকে জেরা করেন।আসামি পক্ষের আইনজীবী একরামুল হক সাক্ষীর কাছে জানতে চান ঘাটারচর কেরানীগঞ্জের ভেতর কি না? জবাবে সাক্ষী বলেন ঘাটারচর কেরানীগঞ্জের ভেতরে ও কেরানীগঞ্জ থেকে ঘাটারচরের দূরত্ব সিকি মাইল। একাত্তরে আপনাদের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ মুক্তিযোদ্ধা ক্যাম্প কোথায় কোথায় ছিল—এর জবাবে সাক্ষী বলেন দ্বিতীয় ক্যাম্প হাজি ইউসুফ আলীর বাড়িতে ও তৃতীয় ক্যাম্প নাজিরপুরে মোবারকের বাড়িতে এবং চতুর্থ ক্যাম্পটি নিমতলী গ্রামের চিকিত্সক করিম সাহেবের বাড়িতে।জেরার শেষ পর্যায়ে একরামুল হক সাক্ষীকে বলেন, ‘যেহেতু আপনি আওয়ামী লীগ করেন এবং আসামি কাদের মোল্লা জামায়াত নেতা, তাঁকে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন কি না?’ এর জবাবে মোজাফফর আহমেদ খান বলেন, ‘ইহা সত্য নয়।’