কাদের মোল্লার বিরুদ্ধে কবি কাজী রোজীকে জেরা শেষ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী কবি কাজী রোজীকে দ্বিতীয় ও শেষ দিনের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী।আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কাজী রোজীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী একরামুল হক। এ সময় কাদের মোল্লা আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।কবি মেহেরুন্নেসা হত্যার খবর আপনি কখন পেলেন, তিনি সে সময় কোথায় ছিলেন—আইনজীবীর এমন প্রশ্নের জবাবে কাজী রোজী বলেন, তিনি ২৭ মার্চ সন্ধ্যার আগে কবি মেহেরুন্নেসা, তাঁর মা ও দুই ভাইয়ের হত্যার খবর পান। সে সময় তিন কলাবাগানে তাঁর খালার বাড়িতে ছিলেন।১৯৭০ সালের নির্বাচনের সময় আপনার সঙ্গে কাদের মোল্লার সরাসরি দেখা হয়েছিল কি না—এ প্রশ্নে সাক্ষী বলেন, কাদের মোল্লার সঙ্গে তাঁর দেখা না হলেও তিনি বহুবার তাঁর নাম শুনেছেন। কাদের মোল্লা জামায়াতের প্রার্থী গোলাম আযমের পক্ষে কাজ করেছেন, এ কথা তিনি জনগণের মুখে শুনেছেন। আগামী রোববার কাদের মোল্লার বিপক্ষে রাষ্ট্র পক্ষের পঞ্চম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।