কাদের মোল্লার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার তদন্তকারী কর্মকর্তা মনোয়ারা বেগম ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। আজ রোববার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তিনি জবানবন্দি দেন।মনোয়ারা বেগম বলেন, এ মামলায় তিনি মাত্র একটি জবানবন্দি গ্রহণ করেছেন। সেটি রাষ্ট্রপক্ষের সাক্ষী মোমেনা বেগমের। মনোয়ারা বেগম বলেন, ১৯৭১ সালে মোমেনা বেগমের বাড়ি ছিল মিরপুরের ১২ নম্বরে। ২৬ মার্চ মোমেনার বাবা, গর্ভবতী মা, তিন বোন ও দুই বছরের ছোট ভাইকে নির্যাতনের পর হত্যা করা হয়। মনোয়ারা জানান, এ বিষয়ে তাঁর (মোমেনা) জবানবন্দি গ্রহণ করেন তিনি। মিরপুর ১০ নম্বর জল্লাদখানায় বসে মোমেনা জবানবন্দি দেন। আজ মনোয়ারা বেগমের জবানবন্দি শেষ হলে আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার তাঁকে একটি মাত্র প্রশ্ন করেন। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম মুলতবি করেন ট্রাইব্যুনাল। আগামীকাল এ মামলার আরেকজন তদন্তকারী কর্মকর্তা আবদুর রাজ্জাক খান ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে সাধারণ সাক্ষীদের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। এখন তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া চলছে।