কাদের মোল্লার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। এর মাধ্যমে এই মামলার শেষ পর্যায় শুরু হলো। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায়ের দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল।এ নিয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে আরেকটি মামলা এ পর্যায়ে পৌঁছাল। এর আগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলাটি যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায়ের অপেক্ষায় আছে। সাঈদীর বিরুদ্ধে মামলাটি বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। কাদের মোল্লার মামলাটি বিচারাধীন ট্রাইব্যুনাল-২-এ।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল যুক্তি উপস্থাপন শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। এ সময় কাদের মোল্লা আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।শুরুতে মোহাম্মদ আলী মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। তিনি জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিতদের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, একাত্তরের ২৫ মার্চ থেকে পাকিস্তানি সেনাদের সঙ্গে এদেশীয় কয়েকজন স্বাধীনতাবিরোধী হত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা ধরনের মানবতাবিরোধী কাজে অংশ নেন। বিশেষ করে তৎকালীন জামায়াতে ইসলামী ও মুসলীম লীগ স্বাধীনতাবিরোধী কাজে অংশ নেয়।কৌঁসুলি বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে তদন্ত শেষে এই মামলার তদন্ত কর্মকর্তা ৪০ জন সাক্ষীর জবানবন্দি নেন। তাঁদের মধ্যে দুজন তদন্ত কর্মকর্তাসহ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে গঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে একাত্তরের ৫ এপ্রিল মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লব হত্যা, ২৭ মার্চ কবি মেহেরুন নেসা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা এবং ২৯ মার্চ সাংবাদিক খন্দকার আবু তালেব হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এই তিন অভিযোগের সাক্ষীরা এসব হত্যাকাণ্ড নিজের চোখে দেখেননি, তবে নানাজনের কাছে শুনেছেন।এ সময় ট্রাইব্যুনাল বলেন, শুনেছেন কিন্তু দেখেননি, এমন সাক্ষী কেন এ মামলায় গুরুত্বপূর্ণ হবে? জবাবে মোহাম্মদ আলী বলেন, একাত্তরে সেই পরিস্থিতি ছিল না। অনেকেই পালিয়ে যান। তাই এসব সাক্ষীও এই মামলায় গুরুত্বপূর্ণ।পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে একাত্তরের ২৫ নভেম্বর কেরানীগঞ্জের ঘাটারচরে গণহত্যা, ২৪ এপ্রিল মিরপুরের আলব্দীতে (আলোকদী) গণহত্যা এবং ২৬ মার্চ মিরপুরের কালাপানি লেনে হযরত আলী, তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে হত্যা এবং একজনকে গণধর্ষণের ঘটনায় কাদের মোল্লা জড়িত থাকার বিষয়ে প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন। সাক্ষ্য থেকে জানা যায়, কাদের মোল্লা গণহত্যায় পাকিস্তানি সেনা ও বিহারিদের সঙ্গে অস্ত্র হাতে গুলি করেছেন।প্রায় দুই ঘণ্টা ধরে চলা যুক্তি উপস্থাপনকালে কৌঁসুলি আরও বলেন, কাদের মোল্লা একাত্তরে ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) নেতা ছিলেন, এটা আসামিপক্ষের সাক্ষ্য থেকেও জানা গেছে। সেই সংগঠনের নেতা থেকেই তিনি পরে আলবদরের নেতা হয়েছিলেন।যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। গত ২৮ মে কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ গঠন করেন এই ট্রাইব্যুনাল।হাবিবুল হককে জেরা শেষ: গতকাল একই ট্রাইব্যুনালে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী এ কে এম হাবিবুল হককে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।আযাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের ২১তম ও জব্দ তালিকার সাক্ষী এস এম আমিরুল ইসলাম। তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) বুক শর্টার। জবানবন্দি শেষে তাঁকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান।