কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ মঙ্গলবার এক ঘণ্টা যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী।আজ হরতালের কারণে আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত হননি। আসামিপক্ষের একজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের জন্য এক ঘণ্টা সময় নির্ধারণ করে দেন। আগামীকালও যুক্তি উপস্থাপন চলবে।মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লব হত্যা, শহীদ কবি মেহেরুন নেসা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে কাদের মোল্লার সংশ্লিষ্টতা প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী শহীদুল হকের সাক্ষ্যের উল্লেখযোগ্য অংশ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এটি উপস্থাপন করেন।একই ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান জবানবন্দি নেন।