কাদের মোল্লার বিরুদ্ধে রায় পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ সাপেক্ষে দেওয়া রায়ে হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার এক বিবৃতিতে সংস্থাটি অনতিবিলম্বে যথাযথ আইনি প্রক্রিয়ায় আপিল করার এবং ঘোষিত রায় পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আদালতের রায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ ও গভীর আস্থা রেখে টিআইবি মনে করে, আবদুল কাদের মোল্লার ব্যাপারে প্রদত্ত রায় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ রায় মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য পর্যাপ্ত নয়, বরং অবমাননাকর। এ জন্য আমরা হতাশ, লজ্জিত ও মর্মাহত।’ টিআইবির বিবৃতিতে আরও বলা হয়, অপরাধের গুরুত্ব অনুসারে ইতিপূর্বে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে ঘোষিত রায়ের সাথে সামঞ্জস্য না থাকায় জনমনে যে হতাশা, ক্ষোভ ও আস্থাহীনতা সৃষ্টি হয়েছে, তা প্রকারান্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরোধী পক্ষকে শক্তিশালী করবে।