কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী খন্দকার আবুল আহসান। তিনি শহীদ বুদ্ধিজীবী খন্দকার আবু তালেবের ছেলে।আজ রোববার এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ খন্দকার আবুল আহসান সাক্ষ্য দেন।খন্দকার আবুল আহসান জবানবন্দিতে বলেন, ১৯৭১ সালে তিনি মিরপুরের শাহ আলী একাডেমি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন। তাঁদের পুরো পরিবার তখন মিরপুরে থাকতেন। তাঁর বাবা সাংবাদিক, সাহিত্যিক ও আইনজীবী ছিলেন। তিনি সাপ্তাহিক ইত্তেহাদ, দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দ্য মর্নিং নিউজে কাজ করেছেন।সাক্ষী বলেন, আবদুল কাদের মোল্লার নেতৃত্বে ১৯৭১ সালের ২৫ মার্চের পর বিভিন্ন ধরনের নৃশংস হত্যাকাণ্ড হয়। তিনি ২৪ মার্চ রাতে শান্তিনগরে ফুপুর বাসায় চলে যান। তাঁর বাবা খন্দকার আবু তালেব মিরপুরের বাসায় ছিলেন। পরে ২৯ মার্চ তাঁর সঙ্গে বাবার দেখা হয়। বাবা তখন তাঁকে বলেছিলেন, মিরপুরে যাবেন গাড়ি ও টাকা-পয়সা আনার জন্য। তারপর খন্দকার আবু তালেবের মিরপুর যাওয়ার পথে ইত্তেফাক পত্রিকার তত্কালীন প্রধান হিসাবরক্ষক আবদুল হালিমের সঙ্গে দেখা হয়। আবদুল হালিম তাঁর বাবাকে কাদের মোল্লার কাছে হস্তান্তর করেন। মিরপুর ১০ নম্বর জল্লাদখানায় কাদের মোল্লার নেতৃত্বে তাঁর বাবাকে হত্যা করা হয় বলে তিনি শুনেছেন। তাঁদের গাড়িচালক নিজামের সঙ্গে তাঁর দেখা হলে তিনি তাঁকে এ ঘটনা জানান।দেড় ঘণ্টার সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী একরামুল হক সাক্ষীকে জেরা শুরু করেন।