কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গঠিত তদন্ত সংস্থার সমন্বয়ক এম সানাউল হক বলেছেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা সেফ হোমে জিজ্ঞাসাবাদের সময় তদন্ত সংস্থাকে সহযোগিতা করেছেন। একাত্তরে মিরপুর অঞ্চলে গণহত্যার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর উত্তর সন্তোষজনক। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মতো যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ধানমন্ডির সেফ হোমে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে সকাল নয়টার দিকে কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেফ হোমে নিয়ে আসা হয়।আসামিপক্ষের আইনজীবী ফরিদউদ্দিন খান এ সময় সাংবাদিকদের বলেন, সেফ হোম মূলত টর্চার সেল। এখানে শারীরিক, মানসিক ও মৌখিকভাবে নির্যাতন করা হয়। তবে আজকের জিজ্ঞাসাবাদে কোনো নির্যাতনের অভিযোগ তিনি করেননি।গত বছরের ১৩ জুলাই জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, সেফ হোমে জিজ্ঞাসাবাদের সময় কাদের মোল্লার আইনজীবী ফরিদ উদ্দিন খান ও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একজন চিকিত্সক জিজ্ঞাসাবাদ কক্ষের পাশের একটি কক্ষে উপস্থিত ছিলেন।১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লা ও অন্য সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেন। গতকাল মঙ্গলবার কামারুজ্জামানকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।এ নিয়ে সেফ হোমে মোট ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হলো। তাঁদের মধ্যে পাঁচজন জামায়াত ইসলামীর ও একজন বিএনপির নেতা।