কাদের মোল্লার ভূমিকাই প্রমাণ করে তাঁর অবস্থান: অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে কাদের মোল্লার ভূমিকাই প্রমাণ করে মুক্তিসংগ্রামের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বক্তব্য তুলে ধরেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানিতে তিনি এই বক্তব্য দেন।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে আজ পঞ্চম দিনের মতো শুনানি হয়। আদালত আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।শুনানিতে কাদের মোল্লার বিরুদ্ধে মাহবুবে আলম রাষ্ট্রপক্ষের আনা চার নম্বর অভিযোগ, রাষ্ট্রপক্ষের এক নম্বর সাক্ষী মোজাফফর আহমেদ খান, সাত নম্বর সাক্ষী আবদুল মজিদ পালোয়ান ও আট নম্বর সাক্ষী নূর জাহানের জবানবন্দি তুলে ধরেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। ওই পাঁচ অভিযোগে দেওয়া সাজা অপর্যাপ্ত দাবি করে ও খালাসের আদেশ বাতিল চেয়ে ৩ মার্চ রাষ্ট্রপক্ষ আপিল করে। আপিলে সর্বোচ্চ দণ্ডের আরজি জানানো হয়। আর পরদিন কাদের মোল্লা কারাদণ্ডাদেশ বাতিল করে খালাসের আরজি জানিয়ে আপিল করেন।কাদের মোল্লার বিরুদ্ধে চতুর্থ অভিযোগ (ঘাটার চর ও ভাওয়াল খানবাড়ি হত্যাকাণ্ড): একাত্তরের ২৫ নভেম্বর সকাল সাড়ে সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত কাদের মোল্লা ও ৬০-৭০ জন রাজাকার কেরানীগঞ্জ থানার ভাওয়াল খানবাড়ি ও ঘাটার চর (শহীদনগর) এলাকায় শতাধিক গ্রামবাসী ও দুজন নিরস্ত্র মুক্তিযোদ্ধাকে হত্যা করে।এ বিষয়ে ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী আবদুল মজিদ পালোয়ান ও অষ্টম সাক্ষী নূরজাহান বেগম যে আসামিকে চিনতেন, তা প্রাপ্ত সাক্ষ্যে ট্রাইব্যুনাল বিশ্বাস করতে পারেননি। এতে এটা সন্দেহাতীতভাবে প্রমাণ হয় না যে, ওই হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানি সহযোগীদের সঙ্গে রাইফেল হাতে কাদের মোল্লা নিজে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ড যে ঘটেছিল, তা নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামির সংশ্লিষ্টতা প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।কাদের মোল্লার বিরুদ্ধে মামলার রায়ের পর তা প্রত্যাখ্যান করে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল-২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রাখা হয়।