কাদের মোল্লার মামলা পুনর্বিচারের আবেদন
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের আবেদন জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২-এ মামলা পুনর্বিচারের আবেদনটি করেন আসামিপক্ষের আইনজীবী। পরে এর শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।এ নিয়ে ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের পরে দ্বিতীয় কোনো মামলার বিচার নতুন করে শুরুর আবেদন করা হলো। আজ এই ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মামলা পুনর্বিচারের আবেদন খারিজ করে দেন।কাদের মোল্লার বিরুদ্ধে ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার চলছে। এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। ৭ জানুয়ারি আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য আছে।এর আগে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এক আদেশে কাদের মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় একই ধরনের আবেদন চারবার করায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই টাকা ৭ জানুয়ারির মধ্যে আঞ্জুমান মুফিদুল ইসলামে দান করতেও বলা হয়েছে।