কাদের মোল্লার মামলায় আপিলের শুনানি কাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডের রায়ের বিরুদ্ধে বাদী ও বিবাদীর করা আপিল কাল রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চে এ আপিল কার্যতালিকার ১২ নম্বর ক্রমিকে রয়েছে। গত ১০ মার্চ আপিল বিভাগ ৩১ মার্চ আপিল শুনানির দিন ধার্য করেছিলেন।আজ শনিবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, বেঞ্চ ‘সি’ হিসেবে আপিল বিভাগের কার্যতালিকার ১২ নম্বর ক্রমিকে আপিল দুটি রয়েছে।বেঞ্চের অপর পাঁচ বিচারপতিরা হলেন—বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তাঁদের মধ্যে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতি হলেন—বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং কাদের মোল্লা আপিল পৃথক আপিল করেন। গত ৫ মার্চ আপিল বিভাগ শুনানির দিন ধার্যের বিষয়ে ১০ মার্চ আদেশের দিন ধার্য করেন। পরে ১০ মার্চ আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় আপিল দুটি কার্যতালিকার এক নম্বর ক্রমিকে আদেশের জন্য অন্তর্ভুক্ত ছিল।