কাদের মোল্লার মৃত্যুদণ্ডের দাবিতে ভারতে বাংলাদেশিদের স্মারকলিপি
কাদের মোল্লার বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের প্রতিবাদ এবং শাহবাগে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এক স্মারকলিপি দিয়েছেন নয়াদিল্লিতে অবস্থানরত বাংলাদেশিরা। আজ শুক্রবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক আহমেদ করিমের কাছে ওই স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে বলা হয়, স্বাধীনতার ৪১ বছর পর বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরদের বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আশা করেছিল। তবে আমাদের বিস্মিত ও শোকাহত করে ১৯৭১ সালে ৩৬৯ জন মানুষ হত্যাকারী, ধর্ষণ ও নির্যাতনে দোষী সাব্যস্ত কাদের মোল্লার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, তাতে মুক্তিযুদ্ধে শহীদ ও সমগ্র জাতির প্রতি অসম্মান দেখানো হয়েছে। আমরা এই রায়ের তীব্র প্রতিবাদ জানাই এবং শাহবাগের আন্দোলনকে অনুসরণ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি। বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা আমাদের দাবি পুনর্ব্যক্ত করে বলতে চাই, ‘কাদের মোল্লা ও অন্য যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।’