কাদের মোল্লার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া এই রায়ের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় মামলার বিচার শেষ হলো। এটা জামায়াতের পদধারী কোনো নেতার বিরুদ্ধে প্রথম রায়। এর আগে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক সদস্য আবুল কালাম আযাদকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন।কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আরও তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। তবে, যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় এই ১৫ বছরও একসঙ্গে ভোগ করা হয়েছে বলে বিবেচিত হবে। একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার দিন পূর্বনির্ধারিত থাকায় গত সোমবার রাতে কাদের মোল্লাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এনে রাখা হয়। সকাল পৌনে ১০টার দিকে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়। ১০টা ৩৬ মিনিটে এজলাসে আসামির কাঠগড়ায় উঠানো হয় এবং সেখানে রাখা চেয়ারে বসেন তিনি। ১০টা ৪৪ মিনিটে দুই পক্ষের আইনজীবী, বিশিষ্টজন, গণমাধ্যমকর্মীসহ কমপক্ষে ৩০০ মানুষে ঠাসা আদালতকক্ষে আসন নেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারক মো. শাহিনুর ইসলাম।বিচারকদের আসন নেওয়ার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কাদের মোল্লা হাত তুলে বলেন, ‘মহামান্য আদালতের সঙ্গে আমার কিছু কথা আছে।’ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘প্লিজ, এখন বসেন। আপনি রায়ের দিন কী বলবেন?’ কাদের মোল্লা বলেন, ‘কখন কথা বলতে দেবেন? রায়ের পরে?’ চেয়ারম্যান বলেন, ‘প্লিজ, বসেন।’ পরে কাদের মোল্লা চেয়ারে বসে পড়েন।গতকাল জামায়াতের ডাকা হরতালের জন্য এজলাসে আসামিপক্ষের কোনো জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত ছিলেন না। আসামিপক্ষের সহযোগী আইনজীবীদের দিকে তাকিয়ে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আপনাদের সিনিয়ররা কোথায়? আনঅ্যাভয়ডেবল সিচুয়েশন? হরতাল?’ পরে তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল-২-এর এজলাসে স্থান সংকুলান হবে না বলে এখানে (ট্রাইব্যুনাল-১-এর এজলাস) রায় দেওয়া হচ্ছে। পূর্ণাঙ্গ রায় ১৩২ পৃষ্ঠার, এতে ৪২৯টি অনুচ্ছেদ আছে। তবে এখানে সংক্ষিপ্ত রায় পড়া হবে, ৩৫ পৃষ্ঠার ও ১১১ অনুচ্ছেদের সংক্ষিপ্ত রায়ের প্রথম ৩৫ অনুচ্ছেদ পড়বেন সদস্য বিচারক শাহিনুর ইসলাম, ৩৬ থেকে ৮০ অনুচ্ছেদ পড়বেন অপর সদস্য বিচারপতি মজিবুর রহমান মিয়া, ৮১ থেকে শেষ পর্যন্ত পড়ব আমি।’১০টা ৪৭ মিনিটে সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন বিচারক শাহিনুর ইসলাম। রায়ের ঐতিহাসিক প্রেক্ষাপট অংশে বলা হয়, মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে জামায়াতে ইসলামী ও এর তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘ, মুসলিম লীগ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), কাউন্সিল মুসলিম লীগ, নেজাম ই ইসলামী পাকিস্তানি সেনাদের সঙ্গে যোগ দেয়। তাদের মধ্যে বেশির ভাগই পাকিস্তানিদের নৃশংস কর্মকাণ্ডের সঙ্গে অংশ নেয়।সকাল সোয়া ১১টার দিকে সংক্ষিপ্ত রায়ের ৩৬ অনুচ্ছেদ থেকে পড়া শুরু করেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া। তিনি কাদের মোল্লার বিরুদ্ধে গঠিত ছয়টি অভিযোগের মীমাংসা কীভাবে করা হয়েছে, তা পড়ে শোনান।প্রথম অভিযোগ (পল্লব হত্যা): কাদের মোল্লার নির্দেশে আকতার গুন্ডা একাত্তরের ৫ এপ্রিল মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লবকে গুলি করে হত্যা করেন। রায়ে বলা হয়, প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পাওয়া গেছে, একাত্তরে নবাবপুর থেকে পল্লবকে ধরে আনার মতো দুষ্কর্মে আসামির ‘সহযোগিতা’ ছিল। পল্লব মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, এ জন্য তিনি আসামির শিকারে পরিণত হন। এ হত্যাকাণ্ড ছিল দেশের বেসামরিক জনগোষ্ঠীকে নির্মূল করতে পদ্ধতিগত আক্রমণের অংশ।দ্বিতীয় অভিযোগ (কবি মেহেরুননিসা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা): এ অভিযোগ অনুসারে, একাত্তরের ২৭ মার্চ কাদের মোল্লা তাঁর সহযোগীদের নিয়ে কবি মেহেরুননিসা, তাঁর মা এবং দুই ভাইকে মিরপুরের বাসায় গিয়ে হত্যা করেন। রায়ে এ বিষয়ে বলা হয়, সহযোগীদের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে কাদের মোল্লা এ হত্যাকাণ্ডে ‘নৈতিক সমর্থন’ ও ‘উৎসাহ’ জুগিয়েছেন, যা দুষ্কর্মে ‘সহযোগিতার’ মতো শাস্তিযোগ্য অপরাধ।তৃতীয় অভিযোগ (সাংবাদিক খন্দকার আবু তালেব হত্যা): একাত্তরের ২৯ মার্চ সাংবাদিক খন্দকার আবু তালেবকে মিরপুরের জল্লাদখানা পাম্পহাউসে নিয়ে কাদের মোল্লা ও তাঁর সহযোগীরা জবাই করে হত্যা করেন। প্রাপ্ত সাক্ষ্যের ভিত্তিতে প্রমাণিত হয়, খন্দকার আবু তালেব হত্যাকাণ্ডে কাদের মোল্লা মূল অপরাধীদের নৈতিক সমর্থন ও উৎসাহ জুগিয়েছেন, যা মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার মধ্যে পড়ে। চতুর্থ অভিযোগ (ঘাটার চর ও ভাওয়াল খানবাড়ি হত্যাকাণ্ড): একাত্তরের ২৫ নভেম্বর সকাল সাড়ে সাতটা থেকে ১১টা পর্যন্ত কাদের মোল্লা ও ৬০-৭০ জন রাজাকার কেরানীগঞ্জ থানার ভাওয়াল খানবাড়ি ও ঘাটার চর (শহীদনগর) এলাকায় শতাধিক নিরস্ত্র গ্রামবাসী ও দুজন নিরস্ত্র মুক্তিযোদ্ধাকে হত্যা করেন। এ বিষয়ে রায়ে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী আবদুল মজিদ পালোয়ান ও অষ্টম সাক্ষী নূরজাহান বেগম যে আসামিকে চিনতেন, তা প্রাপ্ত সাক্ষ্যে ট্রাইব্যুনাল বিশ্বাস করতে পারেননি। ফলে এটা সন্দেহাতীতভাবে প্রমাণ হয় না যে ওই হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানি সহযোগীদের সঙ্গে রাইফেল হাতে কাদের মোল্লা নিজে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ড যে ঘটেছিল, তা নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামির সংশ্লিষ্টতা প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।পঞ্চম অভিযোগ (আলুব্দীতে ব্যাপক হত্যাযজ্ঞ): একাত্তরের ২৪ এপ্রিল পাকিস্তানি সেনাদের একটি হেলিকপ্টার মিরপুরের আলোকদী (আলুব্দী) গ্রামের পশ্চিম দিকে নামে। কাদের মোল্লা অর্ধশত অবাঙালি, রাজাকার ও পাকিস্তানি সেনাসদস্য নিয়ে গ্রামের পূর্ব দিক থেকে ঢোকেন এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। ওই ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনায় ৩৪৪ জনের বেশি মারা যান। এ বিষয়ে ট্রাইব্যুনাল বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে, হত্যাকাণ্ডের সময় কাদের মোল্লাকে রাইফেল হাতে সশরীরে উপস্থিত দেখা গেছে। কোনো মানবতাবিরোধী অপরাধ যখন অনেক ব্যক্তি ঘটায়, তখন ওই ব্যক্তিদের প্রত্যেকে ওই অপরাধ এককভাবে সংঘটনের জন্য সমানভাবে দায়ী।ষষ্ঠ অভিযোগ (হযরত আলী, তাঁর পরিবারের সদস্যদের হত্যা ও ধর্ষণ): একাত্তরের ২৬ মার্চ মিরপুরের ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর কালাপানি লেনের হযরত আলী, তাঁর স্ত্রী, দুই মেয়ে ও দুই বছরের ছেলেকে হত্যা এবং তাঁর ১১ বছরের মেয়েকে ধর্ষণের সঙ্গে কাদের মোল্লা সংশ্লিষ্ট ছিলেন। হযরতের আরেক মেয়ে ওই ঘটনা লুকিয়ে থেকে দেখেছিলেন। রাষ্ট্রপক্ষে তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন হযরতের পরিবারের একমাত্র জীবিত সদস্য লুকিয়ে থাকা ওই মেয়ে। রায়ে বলা হয়, প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণে অপরাধের ঘটনাস্থলে কাদের মোল্লার উপস্থিতি অপরাধের সঙ্গে তাঁর সংযুক্ততা প্রমাণ করে। আইনগতভাবে ধরে নেওয়া যায়, অপরাধ সংঘটনে আসামি নৈতিক সমর্থন ও সাহায্য করেছেন।বেলা ১১টা ৫০ মিনিটে বিচারপতি ওবায়দুল হাসান সংক্ষিপ্ত রায়ের শেষ অংশ পড়া শুরু করেন। এ সময় তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, উল্লিখিত মানবতাবিরোধী অপরাধের ঘটনাগুলো ঘটে মুক্তিযুদ্ধের পক্ষের বেসামরিক নিরস্ত্র মানুষকে লক্ষ্য করে। ১, ২, ৩, ৫ ও ৬ নম্বর অভিযোগে উল্লিখিত ঘটনা ঘটে একাত্তরের ২৬ মার্চ থেকে ২৪ এপ্রিলের মধ্যে, ‘অপারেশন সার্চ লাইট’ শুরু হওয়ার এক মাসের মধ্যে। শুধু চতুর্থ অভিযোগের ঘটনাকাল ২৫ নভেম্বর।কোনো অপরাধের ঘটনায় আসামি কাদের মোল্লা উপস্থিত ছিলেন না—আসামিপক্ষের এমন আরজির বিষয়ে রায়ে বলা হয়, আসামিপক্ষের প্রথম সাক্ষী কাদের মোল্লা নিজে। এ সাক্ষ্য অনুসারে, একাত্তরের ২৩ মার্চ থেকে ফরিদপুরের গ্রামের বাড়িতে জনৈক মফিজুর রহমানের কাছে কাদের মোল্লা ৩০-৪০ জনের সঙ্গে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন। এ বিষয়ে ট্রাইব্যুনাল বলেন, এটা স্বীকৃত যে মুক্তিযুদ্ধকালে আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্র সংঘের সভাপতি ছিলেন, তার আগে তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজ শাখার ছাত্র সংঘের সভাপতি ছিলেন। জামায়াতের মতো একটি শৃঙ্খলাবদ্ধ (রেজিমেন্টেড) রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা হওয়ার পরও মুক্তিযোদ্ধা হিসেবে কাদের মোল্লার যোগদানের জন্য প্রশিক্ষণ নেওয়ার কোনো যৌক্তিকতা পাওয়া যায়নি।দোষী সাব্যস্তকরণ ও শাস্তির বিষয়ে সিদ্ধান্ত: সংক্ষিপ্ত রায় অনুসারে, কাদের মোল্লার বিরুদ্ধে চতুর্থ অভিযোগ ছাড়া বাকি পাঁচটি অভিযোগে অপরাধ প্রমাণিত হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতা বা সহযোগিতার জন্য, পঞ্চম অভিযোগে মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা এবং ষষ্ঠ অভিযোগে হত্যা ও ধর্ষণের অপরাধে কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করা হয়।শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে বলা হয়, হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ মানবতাবোধের জন্য এক প্রচণ্ড আঘাত, ট্রাইব্যুনাল তা বিবেচনায় নিয়েছেন। অপরাধে আসামির সম্পৃক্ততার ধরন ও অপরাধের গভীরতা ট্রাইব্যুনাল সতর্কতার সঙ্গে বিবেচনা করেছেন। শাস্তি এমন হতে হবে যেন অপরাধের গভীরতার সঙ্গে অপরাধীর দায়ের মাত্রা সম্পর্কযুক্ত হয়। ট্রাইব্যুনাল একমত যে, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগের জন্য কাদের মোল্লা যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভিযোগের জন্য ১৫ বছরের কারাদণ্ড পাওয়ার যোগ্য।চূড়ান্ত আদেশে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ২০(২) ধারা অনুসারে কাদের মোল্লাকে পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হলো। ১২টা ২০ মিনিটে রায় ঘোষণা শেষ করে আসন ত্যাগ করেন তিন বিচারক। তৎক্ষণাৎ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কাদের মোল্লা উচ্চ স্বরে বলেন, ‘আল্লাহু আকবর। এই বিচারকরা বিচারকে কলঙ্কিত করেছেন। জল্লাদের মতো বিচার করেছেন। একদিন কোরআনের আইন অনুসারে এঁদের বিরুদ্ধে মামলা করব।’ উপস্থিত পুলিশ সদস্যরা কাদের মোল্লাকে থামানোর চেষ্টা করলেও তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে থাকেন।প্রতিক্রিয়া: রায়ের পরে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এই রায়ে প্রত্যাশা পূরণ হয়নি। আশা করেছিলাম, ৫ ও ৬ নম্বর অভিযোগে কাদের মোল্লার মৃত্যুদণ্ড হবে। রায় পড়ে আমাদের পরবর্তী করণীয় ঠিক করা হবে।’তবে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ বলেন, ‘প্রত্যাশা করেছিলাম, কাদের মোল্লার মৃত্যুদণ্ড হবে। এ জন্য হতাশ। তবে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তাঁর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।’মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী বলেন, ‘যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় আমরা প্রচণ্ড ক্ষুব্ধ ও হতাশ। তাঁর ফাঁসি না হওয়ায় প্রতিক্রিয়া জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।’তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, ‘কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছে। এ থেকে প্রমাণিত হয়, আমাদের তদন্ত সঠিক ছিল। কিন্তু এত ভয়াবহ অপরাধের পরও যাবজ্জীবন কারাদণ্ড কেন দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন থেকে গেল। আমরা হতাশ।’আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে যত শিগগির সম্ভব আপিল করা হবে বলে জানান ট্রাইব্যুনালে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। গতকাল সন্ধ্যায় রাজধানীর সিটি হার্টে নিজ চেম্বারে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা বিস্মিত ও হতাশ, মাত্র ১২ জন সাক্ষীর সাক্ষ্যের ওপর ভিত্তি করে কীভাবে এরূপ একটি চরম দণ্ড দেওয়া হলো।’ তিনি দাবি করেন, এঁদের অধিকাংশ শোনা সাক্ষী।লিখিত বক্তব্যে বলা হয়, ‘১৮৬০ সালে ভারতবর্ষে হাইকোর্ট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই রায়টির মতো ন্যক্কারজনক একটি রায়ও খুঁজে পাওয়া যাবে না।’ পরে আবার ই-মেইল বার্তায় জানানো হয়, ‘ন্যক্কারজনক’ শব্দের স্থলে ‘দুঃখজনক’ ব্যবহূত হবে বলে জানান তিনি। একইভাবে আগের বক্তব্যে বলা হয়েছিল, ‘আমরা আরও অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি যে, যেখানে প্রসিকিউশনের দাবি অনুযায়ী আলবদর বাহিনী গঠিত হয়েছিল ১৯৭১ সালের মে মাসে, সেখানে এপ্রিল মাসে সংঘটিত ঘটনার সাথে আলবদরের সদস্য হিসেবে আবদুল কাদের মোল্লাকে কীভাবে জড়ানো হলো!’ পরে ই-মেইল বার্তায় জানানো হয়, এই ব্যাকটি বাদ যাবে। ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা: রায় ঘোষণা উপলক্ষে পুরাতন হাইকোর্ট ভবন এলাকায় স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে গতকাল ছিল কঠোর নিরাপত্তাবেষ্টনী। রায়ের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা। উপস্থিত ছিল প্রায় ১০ প্লাটুন পুলিশ, র‌্যাব, আর্মড ফোর্স, সোয়াত বাহিনী প্রভৃতি। এ ছাড়া পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ দল ও সোয়াত দলও ছিল সেখানে। ট্রাইব্যুনালের ভেতর ও বাইরে ৫০টির বেশি সিসি ক্যামেরা বসানো হয়।