কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল আগামী সপ্তাহে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আগামী সপ্তাহে আপিল করবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল তাঁকে যাবজ্জীবন সাজা দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতনকাঠামো বৃদ্ধির বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে তাঁরা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি, আগামী সপ্তাহে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল ফাইল করা যাবে।’ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি এখন গণদাবিতে পরিণত হয়েছে। আমি মনে করি, সরকার যথাসময়ে যথাসিদ্ধান্ত নেবে।’একই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানও গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আপিল করার যাবতীয় কাগজপত্র তাঁরা পেয়েছেন। এখন প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘আশা করি, আগামী সপ্তাহের মধ্যেই আপিল দায়ের করতে পারব। আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখব সর্বোচ্চ সাজার।’৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। কিন্তু রায় ঘোষণার পরপরই তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ হয়ে তাঁর সর্বোচ্চ সাজা ফাঁসি দাবি করে ওই দিন থেকেই শাহবাগে আন্দোলন শুরু করে। তারুণ্যের এই আন্দোলন এখন দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে।এ অবস্থায় সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সংশোধন করে। সেখানে উভয় পক্ষের আপিলের সমান সুযোগ রাখার পাশাপাশি মানবতাবিরোধী হিসেবে সংগঠনেরও বিচার করার বিধান যুক্ত করা হয়। প্রসঙ্গ জামায়াত নিষিদ্ধ করা: আইনমন্ত্রী বলেন, যেসব রাজনৈতিক দল মানুষের জীবন হরণ, জনজীবনে অশান্তি সৃষ্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যার জন্য রাস্তায় বেরিয়ে আসছে—কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজে সেসব দলের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। এ ব্যাপারে যা করণীয়, তা-ই করার চিন্তা-ভাবনা করছে সরকার। জামায়াতে ইসলামী নিষিদ্ধ করা-সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনেরও দায়িত্ব রয়েছে। দলটির যে আদর্শ-উদ্দেশ্য, তা সংবিধানের মৌলিক উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হলে নিবন্ধন বাতিল করা যেতে পারে। শফিক আহমেদ আরও বলেন, ‘সংবিধানের ৩৮ ধারা বিশ্লেষণ করে দেখলে এবং এর সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) মিলিয়ে দেখলে আমার মনে হয়, এসব রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের যথেষ্ট উপাদান রয়েছে। এ ছাড়া জামায়াতে ইমলামীকে নিষিদ্ধ করার বিষয়ে উচ্চ আদালতে ২০০৯ সালের একটি রিট আবেদন আছে। সেটা যদি শুনানিতে আসে, তাহলে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেও এসব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে কি না, তা বোঝা যাবে।’ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হচ্ছে না উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমরা কেবলমাত্র জামায়াতের মতো যুদ্ধাপরাধী দলকে নিষিদ্ধ করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করছি।’ তিনি বলেন, জামায়াতকে গণতন্ত্রের হুমকিস্বরূপ দেখছি। আমরা অনুরোধ করব, যেসব রাজনৈতিক দল ও ধর্মভিত্তিক সংগঠনে আলেম-ওলামা আছেন, তাঁরা জামায়াতের ছোবল থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সরকারকে সহযোগিতা করবেন।’ সংশোধিত আইন অনুযায়ী, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সাজার বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কোনো দলকে তো আর জরিমানা করা যায় না। তবে, তখন জামায়াতের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের সাজা দেওয়া যাবে এবং দলকে নিষিদ্ধ করা যেতে পারে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। বৈঠক সূত্রে জানা গেছে, সভায় জুডিশিয়াল সার্ভিসের বেতনকাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরে আবারও আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।