কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ৩১ মার্চ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে বাদী ও বিবাদীপক্ষের করা আপিলের ওপর শুনানি হবে ৩১ মার্চ। আজ রোববার সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।আদালতে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং কাদের মোল্লার পক্ষে আবদুর রাজ্জাকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়ক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, দুটি আপিলের ওপরই ৩১ মার্চ শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ২৪ মার্চের মধ্যে আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেছেন। ইতিমধ্যে রাষ্ট্রপক্ষ দুটি আপিলেই সারসংক্ষেপ জমা দিয়েছে।আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘আপিলের ওপর ৩১ মার্চ শুনানির দিন ধার্য করা হয়েছে। আমাদের ১৫ দিনের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।’এর আগে আদালত বলেন, উভয় পক্ষই উপস্থিত আছে। আপিল নিষ্পত্তির জন্য ৬০ দিনের কথা বলা আছে। অবকাশ শেষে আদালত খোলার দুই সপ্তাহ পর শুনানির দিন ধার্যের আরজি জানান আইনজীবী আবদুর রাজ্জাক। আদালত বলেন, ‘আমরা একটা দিন ধার্য করে দিচ্ছি। আগামী ৩১ মার্চ শুনানির জন্য আসবে।’আজ সুপ্রিম কোর্ট চত্বরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। নিরাপত্তার অংশ হিসেবে আপিল বিভাগের প্রবেশপথের সামনে আর্চওয়ে বসানো হয়। মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির দিন নির্ধারণের জন্য ৪ মার্চ দুপুরে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ।ওই দিনই কাদের মোল্লার পক্ষে আপিল করা হয় সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায়। তাঁর কৌঁসুলি ফরিদ উদ্দিন খান জানিয়েছিলেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিলে তাঁকে খালাস দেওয়ার আরজি রয়েছে।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর তা প্রত্যাখ্যান করে জনতা। শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করারও বিধান রাখা হয়। আইনে রায়ের ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার বিধান রয়েছে।