কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সরকারের পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করা হয়। রায় ঘোষণার ২৬ দিন পর আজ আপিল করল রাষ্ট্রপক্ষ।এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়কারী এম কে রহমান, প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, কাদের মোল্লার অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে আপিল করা হয়েছে, যার নম্বর ২৪/২০১৩। কাল চেম্বার বিচারপতির আদালতে শুনানির দিন নির্ধারণের জন্য উপস্থাপন করা হবে। আইনের বিধান অনুসারে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর তা প্রত্যাখ্যান করে জনতা। শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করারও বিধান রাখা হয়। আইনে রায়ের ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার বিধান রয়েছে।