কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রোববার আপিল
মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার আপিল দায়ের করা হতে পারে।আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘তিনটি মূল যুক্তি সামনে রেখে আপিলের প্রস্তুতি চলছে। তবে ট্রাইব্যুনাল একাত্তরের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেননি। এ বিষয়টিও আপিলে তুলে ধরা হবে। আশা করছি আগামী রোববার আপিল দায়ের করা যাবে।’মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ এবং একটি অভিযোগ থেকে খালাস দেওয়া হয় তাঁকে। পরে কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া এ রায় প্রত্যাখ্যান করে জনতা। শাহবাগে গণজাগরণ মঞ্চ গড়ে ওঠে। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। গত ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করারও বিধান রাখা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে।