কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে তিন যুক্তিতে আপিলের প্রস্তুতি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে তিনটি যুক্তি সামনে রেখে আপিলের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ। চলতি সপ্তাহে এ আপিল করা হতে পারে। যোগাযোগ করা হলে আজ রোববার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘তিনটি যুক্তিতে আপিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি চলতি সপ্তাহে আপিল করা যাবে।’ যুক্তিগুলো কী কী—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, ‘কাদের মোল্লার বিরুদ্ধে ১, ২ ও ৩ নম্বর অভিযোগে সর্বসাকল্যে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ছয়টি অভিযোগের মধ্যে ৫ ও ৬ নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এতে আমরা সংক্ষুব্ধ।’মাহবুবে আলম বলেন, ‘আশা ছিল, প্রতিটি অভিযোগের বিপরীতে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এ জন্য আপিলে আরজি জানানো হবে। এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ক্ষেত্রে মৃত্যুদণ্ড পাওয়া যুক্তিযুক্ত। এ ছাড়া চতুর্থ অভিযোগে তাঁকে খালাস দেওয়া হয়। এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া সমীচীন হয়নি বলে যুক্তি তুলে ধরা হবে।’একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায়ে কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আরও তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় ১৫ বছরও একসঙ্গে ভোগ করা হয়েছে বলে বিবেচিত হবে। একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।বিক্ষুব্ধ জনতা তাত্ক্ষণিকভাবে এই রায় প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসে। শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। শাহবাগের আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল-২০১৩ সংশোধিত আকারে সংসদে পাস হয়। এতে সরকার ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়। ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করার বিধান রাখা হয়।আইনের ২১(২) উপধারায় সরকার বা অভিযোগকারী বা এজাহারকারী রায়ের বা শাস্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করতে পারবে। সংশোধিত আইনের ২১(৩) উপধারা অনুসারে এই আইনের ২১(১) ও ২১(২) উপধারা অনুযায়ী, দণ্ডাদেশের বা খালাসের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে। এ সময়ের পর কোনো আপিল করা যাবে না।২১(৫) উপধারায় অনুসারে আপিলকারী যেসব নথির ওপর নির্ভর করতে চান, আপিল দাখিলের সময় তা সংযুক্ত করতে হবে।