মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আগামী রোববার আপিল করতে পারে।যোগাযোগ করা হলে গতকাল বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘তিনটি মূল যুক্তি সামনে রেখে আপিলের প্রস্তুতি চলছে। তবে ট্রাইব্যুনাল একাত্তরের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেননি। এ বিষয়টিও আপিলে তুলে ধরা হবে। আশা করছি, আগামী রোববার আপিল দায়ের করা যাবে।’মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনীত ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অপর অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর তা প্রত্যাখ্যান করে জনতা। শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও বাদীপক্ষেরও আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করারও বিধান রাখা হয়। আইনে রায়ের ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার বিধান রয়েছে।