কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল বুধবার এই মামলায় আসামিপক্ষের যুক্তির জবাব দেওয়ার সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী এই দাবি জানান।ট্রাইব্যুনালে কাদের মোল্লার উপস্থিতিতে গতকাল সপ্তম ও শেষ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার। পরে আসামিপক্ষের যুক্তির জবাব দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। আজ বৃহস্পতিবার আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাকের যুক্তি উপস্থাপনের দিন ধার্য আছে। এই যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল এই মামলায় রায়ের দিন ধার্য করবেন।যুক্তি উপস্থাপনকালে আবদুস সোবাহান তরফদার বলেন, আসামিপক্ষের সাক্ষীদের সাক্ষ্য থেকে দেখা গেছে, একাত্তরের মার্চ মাসে বঙ্গবন্ধুর ভাষণের কয়েক দিন পর কাদের মোল্লা ঢাকা থেকে ফরিদপুর চলে যান। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, ওই সব ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন না।আসামিপক্ষের ষষ্ঠ সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাবেক ইমাম এ আই এম লোকমান প্রসঙ্গে আইনজীবী বলেন, একাত্তরে তিনি (লোকমান) শহীদুল্লাহ হলের মসজিদের ইমাম ছিলেন, কিছুদিন আগে তিনি অবসর নিয়েছেন। কাদের মোল্লা ওই হলে থাকাকালে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। ওই সাক্ষী বলেছেন, কাদের মোল্লাকে তিনি একাত্তরের ৭ মার্চের কয়েক দিন পর বাড়ি চলে যেতে দেখেছেন।এ সময় ট্রাইব্যুনাল বলেন, ওই সাক্ষী বলেছেন, একাত্তরের পর ’৭৩ সালের শুরুতে তিনি কাদের মোল্লাকে আবার হলে দেখেন। কিন্তু কাদের মোল্লা জবানবন্দিতে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে তিনি জুন মাসে ঢাকায় এসে ২২ দিনের মতো ছিলেন। এ সময়কালে ১০৫ ওয়াক্ত নামাজ হয়েছে, কিন্তু কাদের মোল্লার সঙ্গে ইমামের দেখা হয়নি। এটি কি সাংঘর্ষিক নয়?জবাবে আইনজীবী বলেন, দেখা না-ও হতে পারে।আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এসব যুক্তির জবাব দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। তিনি বলেন, কাদের মোল্লা ইসলামী ছাত্র সংঘ (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) করতেন। ছাত্র সংঘের সদস্যরাই পরে আলবদর বাহিনীতে রূপান্তরিত হয়। এ থেকে প্রমাণিত হয়, কাদের মোল্লাও আলবদর বাহিনীর সদস্য ছিলেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীত ও সফলভাবে আসামির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আসামি মানবতাবিরোধী অপরাধ করেছেন। তাই তাঁকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে হত্যা, ধর্ষণ, লুণ্ঠনের মতো মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং এ ধরনের অপরাধে সহযোগিতা করার দায়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।এ মামলায় রাষ্ট্রপক্ষ ২৭ ডিসেম্বর যুক্তি উপস্থাপন শেষ করে। আসামিপক্ষ ৭ জানুয়ারি যুক্তি উপস্থাপন শুরু করে।