কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করেছে সরকারপক্ষ। গতকাল রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। ২৭ দিনের মাথায় সরকারপক্ষ আপিল করল।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আপিলে ছয় অভিযোগের মধ্যে পাঁচটিতে কাদের মোল্লাকে দেওয়া সাজা অপর্যাপ্ত বলা হয়েছে। একটিতে দেওয়া খালাস আদেশ বাতিল চাওয়া হয়েছে। এতে সাজা বাড়িয়ে সর্বোচ্চ দণ্ডের আরজি রয়েছে।আপিলের বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া অপর্যাপ্ত সাজা ও খালাসের বিরুদ্ধে আপিল করা হয়েছে। পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ার পরও ট্রাইব্যুনাল কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই অপর্যাপ্ত সাজা দিয়েছেন। ছয়টির তিনটিতে ১৫ বছরের কারাদণ্ড এবং অপর দুটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চতুর্থ অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা মনে করি, যেসব সাক্ষ্য-প্রমাণ আছে, তাতে খালাস দেওয়ার যুক্তিসংগত কারণ নেই। এসব কারণে ছয়টি অভিযোগেই সর্বোচ্চ সাজা দাবি করেছি।’এম কে রহমান জানান, চেম্বার বিচারপতির আদালতে শুনানির দিন নির্ধারণের জন্য আজ সোমবার আরজি জানানো হবে।বিকেলে যোগাযোগ করা হলে ট্রাইব্যুনালে আসামিপক্ষের প্রধান কৌঁসুলি আবদুর রাজ্জাক বলেন, ‘আশা করছি, কাদের মোল্লার পক্ষে সোমবার আপিল করা হবে।’