কাদের সিদ্দিকীর সঙ্গে ঐক্যের বিপক্ষে টাঙ্গাইল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কাদের সিদ্দিকীর সঙ্গে দলের ঐক্যের বিপক্ষে মত দিয়েছে। তারা কাদের সিদ্দিকীর সঙ্গে ঐক্যকে মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কর্মিসভায় নেতা-কর্মীরা এসব কথা বলে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ভূমিমন্ত্রী রেজাউল করিম ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আক্তারুজ্জামান সাংগঠনিক সফরে গতকাল টাঙ্গাইলে আসেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দলের আন্দোলন মোকাবিলা ও দলীয় নেতা-কর্মীদের চাঙা করতে দেশব্যাপী এ সফর শুরু হয়েছে বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। কর্মিসভা সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত স্থানীয় ভাসানী হলে অনুষ্ঠিত হয় এই কর্মিসভা। এতে জেলা, বিভিন্ন উপজেলা এবং সহযোগী সংগঠনের ৩৫ জন বক্তব্য রাখেন। দুয়েকজন ছাড়া প্রায় সবার বক্তব্যেই ছিলও কাদের সিদ্দিকীর সঙ্গে আওয়ামী লীগের ঐক্য না করার দাবি। তবে কেন্দ্রীয় নেতারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। কর্মিসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খান। কর্মিসভায় জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা নবীন বলেন, কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আন্দোলন করে অনেক ছাত্রলীগ নেতা-কর্মী হয়রানির শিকার হয়েছে। তাই তাঁর সঙ্গে ঐক্য জেলা ছাত্রলীগ মেনে নেবে না। অধিকাংশ বক্তাই এমন বক্তব্য রাখেন।