ডাকাতির অভিযোগে করা রাজধানীর খিলগাঁও থানার আরেকটি মামলা থেকে অব্যাহতি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের। তবে কাদেরের বিরুদ্ধে কেন মামলা করেছিলেন, তাঁর কারণ জানাতে মামলার বাদী পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) আদালতে হাজির হতে হবে।আজ বৃহস্পতিবার মহানগর হাকিম রেজাউল করিম এ আদেশ দেন। কাদেরের বিরুদ্ধে গত বছরের জুলাই মাসে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলাটি করেছিলেন রাজধানীর খিলগাঁও থানার তত্কালীন এসআই আলম বাদশা। তিনি হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে এরই মধ্যে বরখাস্ত হয়েছেন। তবে মামলাটি কেন করেছিলেন, তার কারণ ব্যাখ্যা দিতে তাঁকে তিন দিনের মধ্যে আদালতে হাজির হতে হবে।আদালত সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দেন। কাদেরের বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।আজ আদালতের আদেশে বলা হয়, আবদুল কাদেরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তদন্ত কর্মকর্তা তাঁকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। কাজেই তাঁকে এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হলো।আদেশের আরও বলা হয়, কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা করার জন্য বাদীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারার বিধান মোতাবেক কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন দিনের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে মামলার বাদীকে জানাতে হবে।এর আগে ছিনতাইয়ের অভিযোগে করা মামলা থেকে ২৩ জানুয়ারি মোহাম্মদপুর থানায় কাদেরকে অব্যাহতি দেওয়া হয়। গত বছরের ২১ জুলাই কাদেরকে ছিনতাইকারী সাজিয়ে মোহাম্মদপুর থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ডিবি পুলিশ তদন্তে করে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় পুলিশের পরিদর্শক আব্দুন নুর এ মামলা থেকে কাদেরকে অব্যাহতির দেওয়ার আবেদন করেন।গত বছরের ১৫ জুলাই কাদেরকে গ্রেপ্তারের পর খিলগাঁও থানায় তাঁর নামে দুটি মামলা হয়। মামলা দুটির একটি ডাকাতির চেষ্টা ও অন্যটি অস্ত্র আইনের মামলা।গত বছরের ১৫ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে টহল পুলিশ তাঁকে আটক করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আইডি কার্ড দেখানোর পরও ছিনতাইকারী বলে পুলিশ তাঁকে খিলগাঁও থানায় নিয়ে যায়। এরপর তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর গত বছরের ২৮ জুলাই হাইকোর্ট খিলগাঁও থানার ওসি হেলাল উদ্দিন, এসআই আলম বাদশা ও এএসআই শহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনার তদন্ত করতে আইনসচিবকে নির্দেশ দেওয়া হয়।