কাদেরকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের ঘটনা তদন্তের জন্য আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-২) আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আট সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ বুধবার এ কমিটি গঠন-সংক্রান্ত আদেশ জারি করে।হাইকোর্টের নির্দেশনা অনুসারে আজ এই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান রাতে প্রথম আলোকে এই তথ্য জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আবদুল কাদেরের নির্যাতনের ঘটনা তদন্তের জন্য ২৮ জুলাই হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি নির্দেশ দেন। এতে যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নন এমন ব্যক্তি দিয়ে কমিটি গঠন করে তদন্ত করতে আইনসচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল।