কাদেরকে নির্যাতনের মামলায় সাবেক ওসি হেলাল কারাগারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান এই আদেশ দেন।গতকাল ওসি হেলাল উদ্দিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৩ জানুয়ারি হেলাল উদ্দিনকে আসামি করে আবদুল কাদের খিলগাঁও থানায় মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়, আবদুল কাদেরকে নির্যাতন করে তিনি মিথ্যা স্বীকারোক্তি আদায় করেন। কাদেরকে নির্যাতনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গত ২৬ মার্চ হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।গত বছরের ১৫ জুলাই আবদুল কাদের তাঁর বোন ফারজানা আকতারকে নিয়ে গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে যান। অনুষ্ঠান শেষে বোনকে হলি ফ্যামিলি স্টাফ কোয়ার্টারে রেখে বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছিলেন তিনি। রাজধানীর সেগুনবাগিচায় পুলিশ তাঁকে আটক করে। আবদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে তাঁর পরিচয়পত্র দেখান। এর পরও পুলিশ তাঁকে ছিনতাইয়ের অভিযোগে আটক করে থানায় নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। এরপর পৃথক দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে হেলাল উদ্দিন ও উপপরিদর্শক শহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন হাইকোর্ট। কাদেরের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ জন্য তাঁর অব্যাহতি চেয়ে এবং অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।