কাদেরের ঘটনায় পুলিশের অবহেলা-স্বেচ্ছাচারিতা ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরের গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের চরম অবহেলা, স্বেচ্ছাচারিতা ও অন্যায়ভাবে একজনকে মিথ্যা মামলায় জড়ানোর প্রবণতা পরিলক্ষিত হয়েছে। হাইকোর্টের নির্দেশে এ ঘটনা তদন্তে আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন পড়ে শোনান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।কাদেরের বিরুদ্ধে অস্ত্র ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগে করা মামলা দুটি মিথ্যা বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে চার দফা সুপারিশ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, আবদুল কাদেরকে সন্দেহ করে আটক করা হয়। দুর্বৃত্তের মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়। কাদেরের বক্তব্য ও তাঁর পরিচয়ের বিষয়ে কোনো ধরনের অনুসন্ধান না করে সম্পূর্ণ মনগড়াভাবে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ওই কার্যক্রমে পুলিশের দায়িত্বের প্রতি চরম অবহেলা, স্বেচ্ছাচারিতা ও অন্যায়ভাবে একজনকে মিথ্যা মামলায় জড়ানোর প্রবণতা পরিলক্ষিত হয়েছে।ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কমিটির প্রতিবেদনে চারটি সুপারিশ করা হয়। চার সুপারিশক) কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় যে অপরাধের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে, সে অপরাধে আদৌ তিনি সংশ্লিষ্ট কি না এ ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা জারি করা। খ) কোনো ব্যক্তিকে পুলিশ হেফাজতে নির্যাতন না করার বিষয়ে উচ্চ আদালতসহ প্রচলিত আইনে যে নির্দেশনা রয়েছে তা যথাযথভাবে পালনের জন্য পুলিশের উচ্চপর্যায় থেকে সব পুলিশ সদস্যের প্রতি নির্দেশনা দিতে ব্যবস্থা নেওয়া। গ) কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার আগে অবশ্যই সে ব্যক্তি আদৌ সংশ্লিষ্ট ঘটনায় জড়িত কি না, তার প্রাথমিক প্রমাণের বিষয়ে নিশ্চিত হওয়া। ঘ) পুলিশ কর্তৃক সব প্রকার মামলা দায়েরের ক্ষেত্রে অবশ্যই সত্য ঘটনাকে অবলম্বন করে মামলা করতে হবে। কোনো পরিস্থিতিতেই সত্য ঘটনাকে আড়াল করে মিথ্যা বক্তব্য সাজিয়ে কেউ যেন মামলা না করতে পারে, সে বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশনা জারি করা।গত ২৮ জুলাই হাইকোর্ট কাদেরকে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন। এরপর আইন মন্ত্রণালয়ের বর্তমান সচিব (দায়িত্বপ্রাপ্ত) আশীষ রঞ্জন দাসের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটি ২২ জন সাক্ষীর বক্তব্য পর্যালোচনা করে ৪০ পৃষ্ঠার এ প্রতিবেদন আজ আদালতে জমা দেয়।