কাদেরের ফাঁসির দাবিতে ফুঁসছে শাহবাগ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। আজ বুধবারও রাজধানীর শাহবাগ মোড়ে এ কর্মসূচি পালনে জড়ো হয়েছেন সর্বস্তরের হাজারো আন্দোলনকারী। কাল বৃহস্পতিবারও চলবে সমাবেশ। আর কাদের মোল্লার ফাঁসির দাবিতে আগামী শুক্রবার হবে মহাসমাবেশ। গতকাল মঙ্গলবার বিকেলে কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। সারা রাত গান, স্লোগান ও বক্তৃতার মধ্য দিয়ে চলে ক্ষোভ আর প্রতিবাদ।আজ সকাল থেকে সেখানে লোক সমাগম বাড়তে থাকে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। প্রতিবাদী গান আর স্লোগানে স্লোগানে একাত্তরের মানবতাবিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশ করে তাদের ফাঁসির দাবি উঠেছে সমবেত জনতার কণ্ঠে।স্লোগানে মুখরিত শাহবাগ‘ক’ তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার।ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই।আর কোনো দাবি নাই, কাদের মোল্লার ফাঁসি চাই।রাজাকারের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও।এই রক্ত কোনো দিন পরাজয় মানে না।এমন নানা ধরনের স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগ এলাকা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা সন্ধ্যা পৌনে সাতটার দিকে মশাল মিছিল বের করেন। মিছিলটি চারুকলার সামনে থেকে শাহবাগে এসে শেষ হয়। এ ছাড়া চারুকলার শিক্ষার্থীরা শাহবাগ থেকে টিএসসি সড়কে প্রতিবাদী নানা আলপনা এঁকেছেন। আন্দোলনকারীরা একাত্তরের ঘাতকদের কুশপুত্তলিকা দাহ করেছেন। কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে শাহবাগে অবস্থান কর্মসূচিস্থলে গেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বর্ষীয়ান রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগের সাংসদ ইসরাফিল আলম, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুস, নারীনেত্রী শিরিন আখতারসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদ।বাড়িতে দুপুরের রান্না বন্ধ করে এক গৃহিণী সমাবেশে এসে জানালেন, কাদের মোল্লার ফাঁসির দাবিতে তিনি এ প্রতিবাদ জানিয়েছেন। সমাবেশে উপস্থিত তরুণেরা বলছেন, ‘যতক্ষণ কাদের মোল্লার ফাঁসির রায় না দেওয়া হয়, ততক্ষণ কর্মসূচি চলবে। আমরা বাড়িতে ফিরে যাব না। প্রয়োজনে নতুন আইন করে তাঁর ফাঁসি দিতে হবে।’ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, সংস্কৃতিকর্মীদের আগমনে আন্দোলন সব সময় উজ্জীবিত ছিল। ফকির আলমগীর এসে তরুণদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তিনি গেয়ে শোনান, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘আমার দেশ সব মানুষের’, ‘মা গো ভাবনা কেন’সহ বেশ কিছু গান।সমাবেশে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘কাদের মোল্লার এই রায়ে আমি লজ্জিত। তরুণদের বলব কঠোর আন্দোলনের মাধ্যমে সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি আরও জোরদার করতে হবে। এটি তাদের জন্য আর একটি যুদ্ধ।’আন্দোলনে যোগ দেন একাত্তরে মামা গোরিলা বাহিনীর প্রধান শহীদুল হক মামা। তিনি বলেন, ‘কাদের মোল্লার ফাঁসির রায় না দেওয়া এ দেশের মুক্তিযুদ্ধকে অপমান করার মতো। আমরা এ রায় মানি না।’মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ এ প্রতিবাদ আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি এখানে বক্তৃতা দিতে আসিনি। হতাশা ব্যক্ত করতে এসেছি। কাদের মোল্লা এত খুন করার পরও তাঁর মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তাহলে কত খুন হলে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হতো?’ট্রাইব্যুনাল সত্যি সত্যি কারও ভয়ে ভীত ছিল কি না—এমন প্রশ্ন রেখে সফিউল্লাহ বলেন, ‘কার ভয়ে তাঁরা সঠিক রায় দিতে পারেননি?’সন্ধ্যার পরে শাহবাগে সংহতি জানাতে আসেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তবে তিনি কোনো বক্তব্য দেননি। এর কিছুক্ষণ পরই আসেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সন্ধ্যার পর বিভিন্ন সংগঠন, শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়েছেন। এখন পুরো শাহবাগে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে। আজ বইমেলায় যাঁরা এসেছেন, তাঁরাও কিছুক্ষণের জন্য হলেও কর্মসূচিতে এসে কাদের মোল্লাসহ অন্য যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির কর্মসূচিতে অংশ নিচ্ছেন।গতকাল বেলা তিনটায় শাহবাগ মোড়ে সমবেত হয়ে অবরোধ শুরু করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক নামের একটি সংগঠন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টেলিভিশনসহ বিভিন্ন সূত্রে জেনে ধীরে ধীরে আরও অনেকে সেখানে জড়ো হতে থাকেন। সমবেত বিক্ষোভকারীরা কাদের মোল্লার ফাঁসির দাবি করে বিভিন্ন স্লোগান দেন।