কাদেরের ফাঁসির দাবিতে রাতভর শাহবাগে থাকবেন বিক্ষুব্ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এখন স্লোগানে স্লোগানে মুখরিত। প্রত্যেকের হাতে মোমবাতি। দফায় দফায় মিছিল। কোথাও মশাল মিছিল। কোথাও অবরোধ। সবার দাবি একটাই। স্লোগানও একটাই—‘কাদের মোল্লার ফাঁসি চাই।’ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এখন উত্তাল। ‘কসাই কাদেরের যাবজ্জীবন সাজা মানি না’, ‘আর কোনো রায় নাই, কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘রাজাকারদের সঙ্গে বসবাস করতে চাই না’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এসব স্লোগানে মুখরিত ক্যাম্পাস। আজ মঙ্গলবার বেলা তিনটায় শুরু হয়েছে এ বিক্ষোভ আর সমাবেশ। চলবে সারা রাত। শাহবাগে প্রথমে অবরোধ শুরু করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। সংগঠক চিকিত্সক ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধী জামায়াতের নেতা কাদের মোল্লার যাবজ্জীবন নয় ফাঁসি চান তাঁরা। ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। আগামীকাল বুধবার আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান সংগঠক ইমরান। টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্লোগান ৭১’। তাঁরাও কাদের মোল্লার ফাঁসি চান। স্লোগান একাত্তরের কর্মী কাজল আবদুল্লাহ বলেন, ‘কাদের মোল্লার যাবজ্জীবন রায় যথাযথ নয় বলে আমরা মনে করছি। আমরা চাই রায়ের বিরুদ্ধে আপিল হোক। কাদের মোল্লার ফাঁসি হোক।’কাদের মোল্লার ফাঁসির দাবিতে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। রাতে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম দলের নেতা-কর্মীসহ টিএসসিতে গিয়ে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। সারা দেশের সব সাংস্কৃতিক কর্মীকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান এইচ এম বদিউজ্জামান সোহাগ।শুধু অনলাইন সংগঠক বা স্লোগান ৭১ নয়, আন্দোলনে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যোগ দিয়েছেন শিল্পীরাও। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।