কান মুক্তি পেয়েছেন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস কান মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার নিউইয়র্কের আদালতে শুনানির পর মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি। গত ১৪ মে নিউইয়র্কে এক হোটেলকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে কানকে আটক করা হয়। খবর বিবিসি।এর আগে গতকাল বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছিল দমিনিক স্ত্রস কান আজ জামিনে মুক্তি পেতে পারেন।পত্রিকাটি জানায়, ৬২ বছর বয়সী স্ত্রস কানের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে। আদালতে নিজের অঙ্গীকারপত্র দেওয়ার শর্তে আজ তিনি গৃহবন্দী থেকে মুক্তি পেতে পারেন। ফ্রান্সের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল।দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকাটি জানায়, অনুসন্ধানে পাওয়া গেছে স্ত্রস কানের বিরুদ্ধে অভিযোগের এক দিনের মধ্যেই ওই নারী একজন কারারুদ্ধ ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তাঁরা ঘটনার সম্ভাব্য সুবিধা সম্পর্কে আলোচনা করেন। তাঁদের এ আলোচনা রেকর্ড করা হয়েছিল।পত্রিকাটি আইনপ্রয়োগকারী সংস্থার দুজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওই নারীর সঙ্গে ফ্রান্সের রাজনীতিবিদদের যোগাযোগ রয়েছে, এমন প্রমাণ পাওয়া গেছে। তবে ওই নারী বারবার বিষয়টি অস্বীকার করেছেন। ওই নারী নিরাপত্তা চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রসিকিউটররা বের করেছেন ওই নারীর মাদক ব্যবসা ও অর্থপাচারের মতো অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারেন। প্রসঙ্গত, স্ত্রস কানের বিরুদ্ধে যৌন অপরাধ, অবৈধভাবে আটকে রাখা ও ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ৩২ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গত ১৪ মে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়, নিউইয়র্কের একটি হোটেলের কক্ষে এক নারীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী ওই হোটেলেরই কর্মী। স্ত্রস কান আইএমএফের প্রধানের পদ থেকে ১৯ মে পদত্যাগ করেন এবং ৬ জুন নিজেকে নিরপরাধী বলে দাবি করেন।