কানপুরে রাহুলের বিরুদ্ধে মামলা
কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ও কানপুর জেলার কংগ্রেস প্রধান মহেশ দীক্ষিতের বিরুদ্ধে কানপুরে গতকাল সোমবার মামলা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে শোভাযাত্রা করায় কানপুর জেলা প্রশাসন তাঁদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।রাহুল গান্ধী ও মহেশ দীক্ষিতের বিরুদ্ধে ভারতের ১৯৭৩ সালের ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। রাহুল গান্ধী ও কানপুর জেলার কংগ্রেস-প্রধানের বিরুদ্ধে দায়ের করা মামলা বলা হয়েছে, তাঁরা সরকারি কর্মকর্তাদের আদেশ অমান্য করে জনগণের পথ অবরোধ ও জনজীবনে বিড়ম্বনা সৃষ্টি করেছেন।গত রোববার মহারাজপুর থেকে শুরু হয়ে তাতমিল গোলচক্করে গিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ছয় ঘণ্টাব্যাপী এ শোভাযাত্রাটি শেষ হয়। প্রশাসনের পক্ষ থেকে এ শোভাযাত্রার জন্য মাত্র দুই ঘণ্টা ও ১৮ কিলোমিটার রাস্তা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের জন্য আজ মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীকে দায়ী করা হয়েছে। এ মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে বলেও জানিয়েছে কংগ্রেস।