কানাডা কেন খুনি নূরকে ফেরত পাঠাবে
অবাক হলাম কানাডার মতো একটি সভ্য সরকারের ‘নর-হত্যাকারী’ মেজর নূরকে বাংলাদেশের হাতে সমর্পণে অনীহা দেখে! আন্তর্জাতিক আইনে ‘বহিঃসমর্পণ’ (Extradition) একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুই রাষ্ট্রের মধ্যে সন্ধি-চুক্তির শর্তে এটা হতে পারে। কানাডার আইন অনুযায়ী এমন কোনো আসামিকে বহিঃসমর্পণ করা যাবে না, যিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। আন্তর্জাতিক আইনে আন্তচুক্তি না থাকলে কোনো রাষ্ট্রকে বহিঃসমর্পণে বাধ্য করা যায় না। অবশ্য চুক্তি না থাকলেও রাষ্ট্র যদি বহিঃসমর্পণ করতে চায়, তবে আন্তর্জাতিক আইন সে রাষ্ট্রকে বাধা দিতে পারে না। বহিঃসমর্পণ-সংক্রান্ত নীতির ওপর ১৯৩৩ সালের Montevideo Treaty-তে বলা হয়েছে, এ চুক্তি থাকলে দুই দেশের মধ্যে ফিরিয়ে নেওয়া বা বহিঃসমর্পণে বাধ্যবাধকতা তৈরি হয়। যে অপরাধের জন্য বহিঃসমর্পণ চাওয়া হয় তা মারাত্মক ও গুরুতর হতে হবে এবং উভয় রাষ্ট্রে তা অপরাধ। নরহত্যা বাংলাদেশের আইনে যেমন অপরাধ, কানাডার আইনেও তা-ই। পার্থক্য শুধু বাংলাদেশের দণ্ডবিধিতে মৃত্যুদণ্ডের উল্লেখ রয়েছে। কানাডায় তার পরিবর্তে আছে কারাদণ্ড। তাহলে মেজর নূরকে হস্তান্তরে কানাডা সরকারের বাধা কোথায়?আন্তর্জাতিক আইনে কোনো রাষ্ট্র যদি কোনো ব্যক্তিকে বহিঃসমর্পণ না করে, তবে সেই রাষ্ট্রকে রাষ্ট্রীয় দায়িত্বে তার বিচার করতে হবে। এটি লাতিন আমেরিকার নীতি। এতে বলা হয়, ‘তুমি তোমার নাগরিককে বহিঃসমর্পণ না করলে তার বিচার করো’। এ সম্পর্কে ১৯৩৩ সালের Montevideo Treaty-তে আরও বলা হয়েছে, নিজ দেশের নাগরিককে বহিঃসমর্পণ না করার যে রীতি রয়েছে, সে নীতি অনুযায়ী নিজের দেশের আইন অনুযায়ী ওই নাগরিকের বিচার করতে হবে। সমস্যা হলো, কানাডা সরকার তো সেটাও করছে না। উপরন্তু তারা দৃশ্যত দুটি খোঁড়া যুক্তি দিচ্ছে। সম্ভবত প্রথম যুক্তি: যেহেতু মৃত্যুদণ্ড কানাডা সমর্থন করে না, সেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূরকে তারা ফেরত দেবে না। বাংলাদেশ যদি মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো বহিঃসমর্পণযোগ্য অপরাধের জন্য মেজর নূরকে ফেরত চায়, তবে কানাডা সরকার তা অবশ্যই বিবেচনা করবে। তবে এখানে ‘বিশেষত্ব নীতি’র (Doctrine of Speciality) কথা প্রাসঙ্গিক। যে বিশেষ অপরাধের জন্য বহিঃসমর্পণ করা হচ্ছে, শুধু সেই অপরাধের জন্য অপরাধীর বিচার করতে পারবে, অন্য কোনো অপরাধের জন্য নয়—এটাই বিশেষত্ব নীতি। বাংলাদেশ যদি মেজর নূরকে দেশে আনতে চায়, তবে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নয়, বরং অন্য কোনো অপরাধ, যেটার শাস্তি মৃতুদণ্ড নয়, তার জন্য আনতে পারে। ১৮৮৬ সালের ইউএস বনাম রোচার মামলায় এই নীতিটির সরাসরি প্রয়োগ আমরা দেখতে পাই। কানাডার দ্বিতীয় যুক্তি হতে পারে, মেজর নূরের অপরাধ রাজনৈতিক। আর আন্তর্জাতিক আইনে রাজনৈতিক অপরাধ বহিঃসমর্পণযোগ্য নয়। এটা সত্য, সামরিক অপরাধ, রাজনৈতিক অপরাধ এবং ধর্মীয় অপরাধগুলো সাধারণত বহিঃসমর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয় না। কিন্তু সন্ত্রাসবাদ এর আওতায় পড়ে না। ব্রিটেন ও আমেরিকার মধ্যে ১৯৮৬ সালে বহিঃসমর্পণ-সংক্রান্ত যে দ্বিপক্ষীয় চুক্তি হয়, তাতে বলা হয়েছে, ‘সন্ত্রাস একটি ফৌজদারি অপরাধ, রাজনৈতিক অপরাধ নয়’ (France vs UK, Q.B.D. 1894)। এখন প্রশ্ন হলো, বঙ্গবন্ধু হত্যা মামলাটি রাজনৈতিক অপরাধ কি না? অথবা মেজর নূর কোনো রাজনৈতিক অপরাধী কি না? সমস্যা হলো, কোনটি রাজনৈতিক অপরাধ, তা নির্ধারণের কোনো সুনির্দিষ্ট পন্থা নেই। কারণ, একটিমাত্র রাজনৈতিক অপরাধের সঙ্গে অনেক ঘটনা জড়িত থাকে। অপরাধের উদ্দেশ্য, পরিধি ইত্যাদি বিচার করে কোনটি রাজনৈতিক অপরাধ সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। অপরাধী যে দেশে পালিয়ে যায়, ওই দেশের বিচার বিভাগ বা উচ্চ আদালত সিদ্ধান্ত নেবেন অপরাধটি রাজনৈতিক না অরাজনৈতিক। পরিবর্তিত বিশ্বে ‘রাজনৈতিক অপরাধের’ সংজ্ঞা সংকীর্ণ হয়ে পড়েছে। বর্তমানে সন্ত্রাসবাদ বিশেষ করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ যেমন রাজনৈতিক অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত নয়, তেমনি রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে রাষ্ট্রনায়কদের হত্যাও রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করা হয় না, যে ব্যাপারে ১৯৮৮ সালে স্বাক্ষরিত ইতালি ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহিঃসমর্পণ চুক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চুক্তিতে স্পষ্ট করে বলা হয়, রাজনৈতিক হত্যাও জঘন্যতম অপরাধ। তাই এ অপরাধও বহিঃসমর্পণযোগ্য হিসেবে গণ্য হবে। বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি মেজর বজলুল হুদাকে থাইল্যান্ড থেকে বহিঃসমর্পণের জন্য বাংলাদেশ দাবি জানালে মেজর হুদার আইনজীবী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে ‘রাজনৈতিক’ চিহ্নিত করে বহিঃসমর্পণের বিরুদ্ধে যুক্তি দেখান। থাইল্যান্ডের আদালত অবশ্য ‘হত্যা’কে রাজনৈতিক হিসেবে স্বীকৃতি না দিয়ে তাঁকে বিচারের জন্য বাংলাদেশে বহিঃসমর্পণ করেন। আশা করব, কানাডাও আন্তর্জাতিক আইনের প্রাসঙ্গিক নীতিমালা বিবেচনাপূর্বক নূরকে শিগগির বাংলাদেশের হাতে অর্পণ করবে। বাঙালি জাতির পূর্ণাঙ্গ কলঙ্কমুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো। লেখক শিক্ষার্থী, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।